শহীদফুল চিরকাল বঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাততালির মতো

পাহাড় থেকে সমতল

নদী থেকে সমুদ্র

সমানতালে তরঙ্গায়িত

এক–দুই–তিন হতে হতে

শত–কোটি লোকের হৃদয় চিড়ে বেরিয়ে গেছে শ্বাস

ধরো, পপকর্ন

এক–দুই টিপটপ টিপটপ করতে করতে

পুরো কড়াই বিদ্রোহ করে

হাত তুলে, মুখ কিংবা বুক তুলে জেগে ওঠে

অগুনতি প্রস্ফুটিত।

ধরো, মুড়ি 

কড়াই-বালু গরম হতে হতে

এক–দুই টিপটপ টিপটপ করতে করতে

পুরো কড়াই শিউলি ফুল।

ধরো, একাত্তর

তারও আগে তেভাগা-গারো কিংবা সাঁওতাল বিদ্রোহ

তারও আগে প্রাকৃতজনের বঙ্গ-রাঢ়-সমতট

জেগে ওঠার কালে প্রথম বিন্দু

এক–দুই–তিন... 

টিপটপ টিপটপ হতে হতে এই বাংলা ২০২৪

হাততালির মতো

পাহাড় থেকে সমতল

নদী থেকে সমুদ্র

সমানতালে তরঙ্গায়িত

সামষ্টিক শোণিতের ধারা 

মেঘালয় থেকে বয়ে আসা নদীর মতোই

শত শহীদফুল

ফুটে রবে চিরকাল বঙ্গে।