ভাষার জন্য শোকপঙ্ক্তি
ভাষারও জগতে আছে মাৎস্যন্যায়।
বৃহৎ ভাষার দম্ভ, উতরোল অহমিকা
গিলে খায় ছোট ছোট ভাষা
নিয়তি ও প্রকৃতির কেমন বিচার?
ক্ষুদ্র ভাষা বৈরিতার পাগলা চোরাস্রোতে
নিঝুম শুকিয়ে চড়া
তলপেটে ধু ধু খরা
আমরা জেনেও করি না জানার ভান!
মানুষই তো প্রতারক, আত্মধ্বংসী
নিজেদেরই ভালো–মন্দ চিনতে অপারগ
মিছিমিছি প্রকৃতিকে দুষে কীই-বা লাভ?
মাৎস্যন্যায় আছে, থাকবে—বাধাবিঘ্ন নাই
জগদ্দল হয়ে থাকবে
স্বৈরতন্ত্রী ছবি আঁকবে
চুপচাপ দেখে যাওয়া ছাড়া
আমাদের করণীয় কিছুই কি নেই?
প্রশ্ন ওঠে যে-ই
চরাচর নিলাজ–নিশ্চুপ
কীভাবে বলব তার এমত ভূমিকা
স্বাস্থ্যকর সংগত বা স্নিগ্ধ অপরূপ!