দেশভাগের মতো
আমাদের পৃথিবী বিভক্ত হলো যেদিন,
কত রক্তপাত!
যেন গণহত্যা,
জেনোসাইড,
উদ্বাস্তু মানুষের ছুটে চলা গন্তব্যহীন।
ব্ল্যাকবোর্ডের সব লেখা
ডাস্টার দিয়ে মুছে দিতে পারো ইচ্ছে করলেই।
ক্লাসরুমের বাতাসে উড়ন্ত চকের গুঁড়া
এক একটি অবিকল ক্লান্ত সারস
তোমাকে গ্রাস করে নেয় ধূসর কুয়াশায়।
আর আমি,
থমকে থাকি নিস্তেজ রোদ হয়ে,
ফুল কুড়াতে যেয়ে অন্ধকার নিয়ে ঘরে ফিরি।
কী করে তোমাকে ভুলি?
স্মৃতি তো আর নুন-চিনি নয়,
পানিতে গুলিয়ে ভ্যানিশ করে দেব।