ছুরি কাটা চান্দ
আমি মায়ের চাইতে মামি ডেকেছি বেশি। কারণ আমি নানির কাছে থাকতাম। তাতে মা আমার কাছে আকাশের চান্দ...
হ্যাঁ, মায়ের চাইতে মাসিই বড়। কারণ আমার মিলি খালা, ফিকন খালা, রুলি খালা... মরহরম খালার আকাশে আমি এখনো ছুরি কাটা চান্দ...
আমি বাবার চাইতে মামা ডেকেছি বেশি... কারণ আমি নানির বাড়ি থাকতাম। পাড়ার নিমগাছও ছিল আমার মামা। ওই গাছের পাশ দিয়ে চলে যাওয়া সাপের মতো রাস্তাটাও ছিল আমার মামা..
আমি ‘আমি’র চাইতে ‘তুমি’ বলেছি বেশি। কারণ, আমি তুমির কাছে থাকতাম। তাতে আমার কাছে আমার দাঁতের চাইতে তুথপেস্টের কদর বেশি...
হ্যাঁ, আমার কাছে মায়ের চাইতেও মাসির কদর বেশি... বাবার চাইতেও মামা... ‘হ্যাঁ’–এর চাইতেও ‘না’। কারণ আমি ‘হ্যাঁ’–এর চাইতে ‘না’ শুনেছি বেশি। আমার কাছে ‘না’–এর কদর বেশি।
আমি ফুলের চাইতে ভুল দেখেছি বেশি... আমার কাছে ভুলের কদরই বেশি...
তোমার মতো দরদি আমি আর কই পাব?
কাঁদতে বসে আমি তোমার নাক দেখি। হাসতে বসে আমি তোমার বুকে মুখ গুঁজে দেই। তুমি নিশ্চয়ই বলবে...
‘আচ্ছা জুবেল, ধরো এই যদি এই হয় ; তবে সেই কেন সেই নয়?’
জামাদার পাড়ায় বটগাছের নিচে তুমি সারা জীবন যত কথা বলেছ; তার চেয়ে এখন বেশি মানুষ খুন হয়...
তুমি মরে গেছ বলে তো আর মাটি মরেনি। মাটির গন্ধে গাছ আর মানুষ বাঁচে একই ছন্দে...
ভাদ্র মাসের মানুষ পেলে তোমার আর হুঁশ থাকত না। পানিকে বলতে মন। মনে বলতে ভাদ্র মাসের পানি। আর জুবেলকে বলতে...
এক মানুষ সমান কত বিচ্ছেদ জুবেল?
ডাব...
আজকে একটা ডাব খেয়েছি। পটাশিয়ামের জন্য। লোকটা ডাব নিল; ডাবের মুখ ছিলে দিল। এরপর দিল ধারালো ছুরির টোকা। ডাবটা মুখ, নাকি বুক, নাকি প্রাণ থেকে দিল পিচকারি... মনে হলো ডাবের রক্ত। মনে হলো ডাবের বীর্য...
ডাব কাটে যারা, তাদের হাত দেখতে কেমন? ডাব কাটে যারা, তাদের ক্ষুধা দেখতে কেমন? ডাব কাটা ‘দা’ কি কিছু জানে? তার চোখা চেহারাটা না জানে ডাব, না জানে মানুষ...
ডাব দেখতে হৃদয়ের মতো। শক্ত দেয়ালের ভেতর এক আশ্চর্য পানি। ডাব থাকে বুকের ভেতর: ডাব থাকে বুকের উপর..
আর ডাব কাটা মানুষটা? আর ডাব খাওয়া মানুষটা? ডাব কাটে যারা, হৃদয় কাটে তারা...
মানুষ চিরকাল এক ঘরোয়া হাসপাতাল... হাসপাতাল চিরকাল ওই ডাবগাছের মতো। তাকে কেউ ঘর বলেনি; তাকে কেউ ভালোবাসেনি।
ডাবের পানি নিশ্চয়ই রক্ত। রক্ত কি কেবলই লাল? লালের সাদা অংশে ভাদ্র মাস কান্দে। ভাদ্র মাসের লাল অংশে পানি পড়ে বিপদে...
বিপদও পদে পদে পড়ে বিপদে; যখন মানুষ সরে যায় মানুষ থেকে... ডাবের মুখ ছিলে ধারালো ছুরির টোকা যে অপরাধ; এটা বোঝে না আমাদের সূর্যমুখী থানা পুলিশ..
বৃহস্পতিবার...
আমাদের আব্বা শুক্রকে শনি, রবিকে সোম, মঙ্গলকে বুধ বানাতে পারতেন। আমরা অপেক্ষা করতাম, আব্বা বুধকে কী বানাবেন?
বাপের কড়া মেজাজের আদরে আমরা এখন অন্নেক লম্বা। এখন মা করে হা-হুতাশ, বলে, ‘আর লম্বা হইস না। এত লম্বা হইলে ছাতা পাবি কই?’
আব্বা বুধকে কী বানাতেন, জানি না। ধরে নিয়েছি, আমরা বাপের বৃহস্পতিবার...