বিষামৃতময়

গ্রাফিকস: প্রথম আলো

রুদ্র মধুরে অন্তর বাহিরে মিশে তুমি ত্রাতা

শেখাও সুনিপুণ ভঙ্গিমা, গড়ন

নিত্যই অভিষেক নিত্যই পলায়ন—নতুন রূপে

তোমার সান্নিধ্য স্বর শুধরে দেয় সকল ভুল

উপড়ে ফেলে সকল কাঁটা

উগড়ে দেয় সমস্ত বিষ

সহস্র আলোয় মাখামাখি যৌবন যখন

মুহূর্ত পরই অন্ধকারের দীর্ঘশ্বাসের মিলমিশ

সেই পাকানো কুয়াশার ধোঁয়াশায়

ঝাপসা থেকে আরও ঝাপসা

তখনো সমস্ত ভার বইছ তুমিই

তোমায় ছেড়ে যাওয়া

সে যেন নিঃসীমে হারিয়ে যাওয়া

সে যেন এক অসাড় বৃক্ষপত্র

পড়ে আছে যে ধুলায়, অবহেলায়

কী সুন্দর বা কী অসুন্দর

মেলাবার তীব্র আয়োজনে পরম স্বস্তি

হোক যতবারই ভুল জন্ম

সকলেই তো স্পৃষ্ট

পথে–বিপথে তুমিই তীর্থপথ

বিশ্বাস—তোমাকে পেতে তাই

নিজেকেই কুড়িয়ে নিই নিজ হতে

এই যে বিষামৃতময়

এরই অপেক্ষায়!