হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

—এতগুলি যুদ্ধবিমান আমাদের বিক্ষত আকাশে!

—এতটা নিস্তরঙ্গ আমাদের আত্মরতির জেব্রাক্রসিংগুলি!

তবুও ভাবছি নির্জন কোনো নদী—যেন শান্তির নিশান অচিরেই পৌঁছে যাবে

লোককেচ্ছাশোভিত এক ইউনিকর্নের ঠোঁটে;

প্রতিদিন আয়নার মুখোমুখি হই; ভাবি

কিছুটা ক্ষতও কি ঢাকা পড়ে না—রংচঙে ঘোলাটে সানগ্লাসে?

তুমি কোন ভাষাগোষ্ঠীর মেয়ে?—

আমার যে ঈষৎ-হলুদ কথ্যের ভাঁজে লুকিয়ে রেখেছি

সৃজনের তিশিখেত—উদয়াস্ত মেঘের অরিগ্যামি

তাতে কেন ঘোরাতে চাও না অনির্ণেয় গদ্যরীতির চাবি?

যেটুকু নীরবতা গলাধঃকরণ করি—অনৈতিহাসিক তার সবই?

আজকে আকাশের নিচে শুয়ে আছি পরাক্রম ভাঁজ করে রেখে—

নক্ষত্রের সাঁকো বেঁধে দেখি ব্রহ্মাণ্ডের নিবিড় অন্তরীণ;

তুমিও কি ছলে-বলে অনতিদূরের—ছেঁড়া ছেঁড়া মেঘেদের ফাঁকে?

বিষাদের হাওয়াকলে দূরত্ব হেতু, নৈকট্যের ছায়া দ্বিধাহীন!