অশেষ কবিতালিপি

অলংকরণ : আনিসুজ্জামান সোহেল

১.

কলিঙ্গযুদ্ধের রাতে

অ-শোক অ-শোক বলে কেঁদে

ভেসে এল কবিতার ছেঁড়া দিনলিপি

নব সেনাপতি এসে

ক্ষুধার্তকে অন্ন নয়, দিয়ে গেল ফুল-উপহার

২.

শিশুরা খুঁজে ফিরছে

তাদের হারিয়ে ফেলা পিং পং বল

পাশের ঝোরার জল সবই জানে। কিছুই বলে না

৩.

কবি নয়, মামদো ভূতেরা আর পেতনি ঘোরে কবিতাপাড়ায়

বুড়ো এক ভূতনাথ খুক-খুক কেশে

বলল, এবার থেকে

কেবল ভূতেরা পাবে কবিতার সব পুরস্কার

স্বয়ং সরস্বতী পিঠ চাপড়ে দিল তাকে। বলল, শাবাশ!

দিস্তা-দিস্তা হিংটিংছট তার

ছাপা হ’ল দৈনিকের সাহিত্যপাতায়

পাঠকেরা অক্কা পেল

প্রেত এসে কবিতার শ্রীখোল বাজাল

কবি ভয়ে, রণপায়, সুদূরে পালায়