নীরবতার গান
আরও কিছু রাত বিষণ্ন তার
কিছু জ্যোৎস্না-মরা রাত,
পাখিহীন ভোর
অথবা ডুমুরগাছ,
যতটা নীরব জলের কাছে
যতটা গভীর নাভির কাছে
যতটা আড়াল পাতার কাছে
তারও বেশি
আড়াল
গভীর
নীরব
পৃথিবীর অন্তিম নির্বাক আপেল।
কাপালিক
অবিনাশী মন্ত্রের
আমি এক কাপালিক
বিধবা বাতাসে
নাচাই ডোম্বী
তবে সন্ন্যাসী মাঘ
তুমি হও সরিষার বন
মাতুক মৌমাছি
শবর-শবরী
রাঙা হোক মৌবন।