এপিটাফ
কত যে ছায়াপথ মনে মনে
পেছনে ফেলে এসে ভুলে যাই
এখনো বিস্ময় নির্জনে
আমাকে ডেকে বলে মরো নাই!
হারায়ে গেছে কবে নটরাজ
তবুও ছেঁড়া তারে বাজে বীণা
নিষুপ্ত বাগান খোলে ভাঁজ
খোঁড়া ফুলেরা নাচে ব্যালেরিনা
কিছুই থাকে না তো চিরদিন
পুড়ছে দাবানলে বনভূমি
ভ্রমে থাকাই যেন সমীচীন
এখনো ধরি পাশে আছ তুমি
কবর নেই, আছে এপিটাফ
সহসা কত লাশ তাড়া করে
নিজেরে দিই আমি অভিশাপ
গোরস্তান যেন দ্রুত মরে