অজানারে

অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

হরপ্পা লিপির মতো দুর্বোধ্য তোমার মন
প্রচলিত ব্যাকরণে তবু পাঠ করি,
ভুল পাঠে বারেবারে প্রেম ভেঙে যায়—
প্রেমের তরজমা হয় বিচ্ছেদের মহাকাব্য জানি,
মিলনে খুঁজেছি তবু আরাধ্য তোমাকে বারেবারে,

বিমূর্ত চিত্রকলার মতো তুমি এঁটে আছ
আলিশান গ্যালারির গায়ে,
তোমার শরীরে লাল টিপ—
পৃথিবীর গ্যালারিতে শুধু ঘুরে গেছি,
হেঁটে গেছি গুহার প্রাচীর থেকে সিন্ধু অববাহিকায়,
কোথাও তোমাকে জানা হলো না আমার