কলমাকান্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলমাকান্দা যাব, ভাবি প্রতিদিন
যাবার দিন আসে না।
দিন যেহেতু আসে না, রাতেও তো র’না করতে পারি!
উব্দাখালির ভোর আমাকে দেখবে
আমি দেখব, পাড়ের মনতলা গ্রাম।
মনতলায় আমার কেউ থাকে না।
যেহেতু আগে থেকেই জানি, আমি কষ্ট না পেয়ে
আরও উত্তরের দিকে হাঁটতে থাকব।
হৃদয়দা বলবেন, আছি না?
ইদ্রিস বলবে, আমি তো আছি
সুবীর, সুমন, হেলাল গাল ফোলাবে—
তবুও
গোবিন্দপুর বামে রেখে চন্দ্রডিঙার পাদে গিয়ে জিরাব কিছুক্ষণ।
ডিঙার দেহ মেঘালয়ের, মিথ বাংলার।
মিথের বুকদেশে ঝিমুনি পাবে আমার।
আমি ঘুমিয়ে পড়ব।
হৃদয়দা! আপনি কোন কৈলাস থেকে এসে
ঘুম কি ভাঙায়ে দেবেন আমার?
হৃদয় দিয়ে বলবেন, মামুন ভাই—
আপনার সুবীর, সঞ্জীবন, বাবুল—এদের কে দেখবে!