জীবনানন্দ
ট্রামে কি হঠাৎ কারও আনমনা হাত ফসকে যায়,
নাকি হাঁটলে ট্রামলাইনে বুকভরা অভিমানে হায়!
বিপন্ন বিস্ময় শুধু খেলা করে, যারে কোনো দিন
দেখো নাই তুমি আজও, ক্লান্ত হয়ে শুধিতেছ ঋণ।
ট্রাংকের ভেতর কেন রেখে দিলে যত্নে পাণ্ডুলিপি,
আগামী দিনের কবি এসে তবে খুলবে বদ্ধ ছিপি!
কবিতা কি সোনা–রুপা? নিরাসক্ত এত হয় নাকি?
তোমার কবিতা জানি তোমারেই দিয়েছে যে ফাঁকি।
হাজার বছর ধরে ক্লান্ত পায়ে যাবে কত দূর,
শ্যামলীর মুখে নীল সমুদ্রের বেদনার সুর।
বনলতা সেন আজও বসে থাকে অন্ধকারে একা,
পথিকের ক্লান্ত প্রাণ শান্ত হয়ে কবে দেবে দেখা।
শাশ্বত রাত্রির বুকে সুচেতনা জ্বেলে রাখে আলো,
সুদর্শনা মৃত তবু পৃথিবীর রোদ রাত্রি ভালো।
সুরঞ্জনা এখনো কি কথা বলে যুবকের সাথে?
এখনো কি খোঁজো তাকে নক্ষত্রের আগুনের রাতে?
ক্লাসে কী পড়াও তুমি? মরা চাঁদ, ম্লান চোখ কারও?
নিজের কবিতা ঢের উপাদেয়, ছুড়ে দিতে পারো
কবিতার ক্লাস থেকে ওড়ে চিল সোনালি ডানায়,
ভেজা মেঘ ভরে তুলে বেদনায় কানায় কানায়।
অর্থ নয়, বিত্ত নয়, কিসের টানে কেঁদে কেঁদে মরে,
বারবার ছুটে যাও অন্তহীন লাশকাটা ঘরে।
সারি সারি হিজলের বনে দেখি একা শুয়ে আছে
ডাহুক–তিতির–ঘুঘু, মরা চাঁদ, ভয় জাগে পাছে—
অন্ধকারে কেঁপে ওঠে সুখব্যথা কাঁঠালের বনে,
কেন তুমি চলে গেলে, কী যে ছিল বিধাতার মনে।
বাংলার এত রূপ, এত গান, ঝলমলে আলো,
বাতাবি লেবুর বনে শুয়ে থাকা কী রকম ভালো!
নরম ঘাসের বুকে দোল খায় সোনালি রোদ্দুর,
তোমার রূপসী বাংলা নগ্ন পায়ে হাঁটে বহুদূর।