বসন্তের শোকগাথা

অলংকরণ : আনিসুজ্জামান সোহেল

বসন্তের বাতাসে দোলে সবুজ চত্বর, কচি ঘাসেরা

আর হৃদয়ে অ্যালব্যাট্রসের মতো ডানা মেলে করুণ দীর্ঘশ্বাস

বুকের ভেতরটায় যেন কেউ তাক করে রাখে ধারালো ধনুক—

এ অভাগা দেশে বসন্ত আসে না, ঈদও না

উৎসবের ডানায় চড়ে আসে মৃত্যুর দূত

তাজা প্রাণগুলো খেয়ে যায় অনায়াসে

যেন মঞ্চে ফেরি থেকে ডুবে যাচ্ছে যাত্রীবাহী বাস

যেন রাক্ষসী ট্রেনে কাটা পড়ে অগণিত দেহ

যেন পথ চলতে চলতে ম্যানহোলে পড়ে যায় পথিক

যেন বিয়ার প্যাডের দানব থাবা কেড়ে নেয় যুবকের প্রাণ।

গ্যালারিতে অগণিত দর্শক—

কখনো চোখ মুছে, কখনো আহ্-উহ করে

কিছুদিন কচলানি। খবরে ডুবে থাকা।

এরপর ভুলে যাওয়া। আর নতুন মৃত্যুর ছকে পড়ে অনাহূত ললাট।

এইতো চলছে

অসংখ্য মৃত্যু চাপা পড়ে আছে ভাঁজ করা বসন্ত বাতাসে।