সাধ্যাতীতের দূরে 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার দিকে যাবার আগেও গেছি

তোমার দিকে যাবার পরেও যাই,

বাসের থেকে ছুটন্ত দৃশ্যরা

ছড়িয়ে পড়ে গ্রাম হয়েছে তাই।

একটু-আধটু শহর হলোও তাতে

নিকটবর্তী মুখের দিকে ছোটা!

কয়েকটা গাছ এবং ভবন পরে

সুযোগ পেয়ে বাজার হয়ে ওঠা।

সম্মুখে বাঁক—উঁকি দেওয়ার তরে

হেমন্তেরই দুপুর গেলে টলে,

তোমার সাথে বলার ছিল যা যা

সেসব কথা পড়ছে গলে গলে।

যেটুকু তাই ভেবে নেবার ছিল 

ভাবব না তা–ও নানান কথায় ফাঁকে

যখন তুমি সাধ্যাতীতের দূরে

তখন গিয়েও হৃদয় বসে থাকে

তাতে তা থই তা থই করে বেলা

সন্ধ্যা খাচ্ছে বিকালগুলো গিলে

যাবার পরেও এমনভাবে আছ

হয়তো থাকার আগেও তুমি ছিলে।