মনুষ্যজীবন

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

হে ম্লান জীবন, তোমার কাছে দূরত্ব শিখে
একা হয়ে আছে মানুষ।
তাকে তুমি কথা দিয়েছ, স্মৃতি দিয়েছ;
বিনীত ব্যর্থতার পাশে অনন্তকাল
শুয়ে থাকতে দিয়েছ। দিয়েছ ব্যথা।

অবিমৃশ্য দ্বৈরথে বুঝে নিয়েছে সেও
কাকে বলে অসহ্য সমঝোতা।

একদিন সেও পাশ ফিরে টের পেয়েছিল
তোমার অনস্তিত্বের ঢেউ
মহাশূন্যের ভেতর যেন
সাড়াহীন প্রপঞ্চ হয়ে পড়ে থাকে কেউ।

কিছুটা তীব্র, কিছুটা ভোঁতা।

তাই সে থেকে গেল; তোমার কাছে—
নিরাময়বিহীন; দুর্বোধ্য ও একা।
এই মনুষ্যজীবনের সাথে আমাদের
প্রতিদিন হয় দেখা।