প্রেম, ইল্যুশন
গোধূলি ছড়িয়ে পড়া হাওয়ায়
কোথাও যেনবা বেজে ওঠে এ সন্ধ্যায়
দূরের কানাড়া সুরে গান—
মুখোমুখি বসতেই
হাওয়ার ঝাপটা এসে হানা দেয়
প্রাণের ভেতরে কেউ দেয় জোরে টান!
হাতে হাত রেখে তুমি বলেছিলে
প্রেম একটা ইল্যুশন—
ভালো লাগে এর জমে ওঠা রসায়ন;
কিছুতেই শেষ হতে চায় না এর জড়ানো বিভ্রম—
তোমার রুমালে লেগে থাকা
আফটার শেভের ঘ্রাণের মতন!
হাওয়ার ডানা এসে যেনবা আছড়ে পড়ল
তোমার আমার মুখে;
জলের প্রিজম কণা ছিটকে পড়ল
দুজনার শরীর ভিজিয়ে দিল ছড়ানো বৃষ্টির ছাট—
ঠোঁট খুব ধীরে এগিয়ে দিয়ে তুমি বলেছিলে
চুমোটা একটা গেটওয়ে—
খুলে দেয় শরীরের সমস্ত কপাট!