সেই পথ, যেখানে শরীর আর শরীরের ছায়া আর
তার পাশে লুকানো সংশয়।
ছায়া জানে কার ঘরে চিরকাল
অপেক্ষা রয়েছে জমা, রয়েছে দরজা ভাঙা ঘুম।
আসলে সমস্ত দিন অযথাই বৃষ্টির মতন ঝরে গেছে,
বৃথা অনুনয়ে, আর অকারণ বিবিধ বিষাদে।
হয়তো পৌঁছানো যাবে সেই ঘরে, ভেবে,
দিন শেষে আবার নেমেছি গলিপথে।
যাত্রাবিরতির পাশে যে পাতা ঝরিয়েছিলে একদিন,
তা তো ছিল কেবলই থামার প্রলোভন।
যেতে যেতে কুড়িয়ে পেয়েছি চিঠি, যেন
আমাদেরই অনুস্বাক্ষরিত কোনো ভুল প্রজ্ঞাপন।
যেন কোনো অনির্দিষ্ট মৃত্যুর সংকেতগুচ্ছ,
তোড়ায় বাঁধানো হাহাকার।
উচ্ছন্নে যাবার আগে সকলের এই পথই চিনে নিতে হয়।