একই কাগজের
দুইটি পৃষ্ঠা
পিঠোপিঠি লেগে আছি
ধরা-ছোঁয়া-হীন
না দেখা তবুও
খুব যেন কাছাকাছি।
শ্বসনেও সেই
উদ্দীপনার
উত্তাপে ঘনীভূত
বিপরীত থেকে
পড়শি যদিবা
কখনো আমায় ছুঁতো!
নিচে লেখা আছে
পথনির্দেশ—
ওপারেই তাকে পাব
এটুকু আড়াল
মুছে দিতে তবে
পৃষ্ঠা কি ওল্টাব?
দেখেছি উল্টে
পাল্টে তবুও
একই সে বাস্তবতা
এপারের সাদা
জানে না ওপারে
লেখা কোন নীরবতা
জানা-অজানার
ভার সয়ে সয়ে
পিঠে রেখে তাঁর পিঠ
একটা জীবন
কাটাব আমরা
অভাবিত, আশাতীত।