বসন্তবাহার

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

হতাশার মেটাফোর ভেঙে জেগে উঠছে বসন্ত
সবাই ফুটছে—যে যার কুলীন রক্ষা করে
শুধু চিরন্তন চিৎকারটা ধ্বনিনির্বাহিত নয়; বরং চিত্রবাহিত।

তত্ত্ব ও তথ্যের জটিল শাখা-প্রশাখায়
অত্যুজ্জ্বল, শক্তপোক্ত কত রঙের অধ্যাদেশ
ঝুলে আছে আদেশের অপেক্ষায়

নজরকাড়া প্রাঞ্জল অংশের অংশী হয়ে
এবার অন্তর্ভেদী হও
কলমনিঃসৃত রেখাজালে আয়তনজুড়ে আমাকে আঁকো

এত হাওয়া, এত পাপড়ির প্রহসন
স্নাতকসিদ্ধ গন্ধের বিকাশ ও প্রকাশ
তবু তারা নৈকট্য জনিত সূত্রে গাঁথা নয়

আগমন-নির্গমনের চোরাপথে পাখিরা গাইছে মন ভার করে
যদি-না সাড়া দাও,
বুঝে নেব—এ তোমার স্বেচ্ছা-নির্বাসন।