আবুল হাসানের অগ্রন্থিত কবিতা
অকালপ্রয়াত কবি আবুল হাসানের এই কবিতা দুটির রচনাকাল ১৯৬৯ সাল। অগ্রন্থিত দুটি কবিতাই ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাক–এ। প্রথম প্রকাশের ৫৪ বছর পর কবিতাগুলো পাওয়া গেছে রাশেদুর রহমানের সৌজন্যে।
তোমার ছায়ায়
আমাদের সবার নিশ্বাসতরু আলো, অধিকার
মুহূর্তে বিবর্ণ, কালো চিহ্নহীনতার দিকে টেনে নেয়, যার
ক্ষুধার্ত প্রসার, তার সাথে এত ভোরে কী জরুরি কথা ছিল?
কী এমন দরকারি, হিসাব-নিকাশ তার সাথে ছিল?
গাড়ি পিছু ডেকেছিল, পুকুরের অনির্দিষ্ট খাড়ি পিছু ডেকেছিল
যেয়ো না, যেয়ো না; শোনো, সুশ্যাম, সুউচ্চ সে গাছের নিখিলও
ছিল করে মুখ ভার, মেঘের ভিতর রেললাইনের নীল অন্ধকার
তবু কী প্রশান্তি দেবে বলে বলেছিল তোমাকে যাবার
কথা, অত দূর, অত বহু দূর একা একা? আঁধারের আড়ালে পরিখা
খুঁড়ে, তাতেই তোমার ভালোবাসা নির্মাণের নীল মানচিত্র
এঁকে কোন শিল্পী অমন হো হো হেসে উঠে জীবনের সব সূত্র,
পাতা ছিঁড়ে করে দিল একাকার? আমরা তোমার
দিকে বেঁচে আছি, তুমি আমাদের দিকে হয়তো বা নও, একবার
মানুষেরা বাঁচে, একবারই তার জীবনের অধিকার মঞ্জুরিত হয়
গাড়িটি তাকিয়ে আছে আজও তবু; কালো এক প্রজাপতি হয়তো
বা তোমার ছায়ায়।
সাহিত্য সাময়িকী, ২২ জুন ১৯৬৯
প্রতীক্ষা তোমার
উজ্জ্বল চাবির মতো করতলে রেখে গেলে যে কালো বিদায়,
তাকে নিয়ে গেছি আমি রণডুঙ্গি, শহরের ক্ষণস্থায়ী খোঁপে
নিয়তির নল থেকে জীবনকাঁটার কষ্ট সারা গায়ে মেখে
গিয়েছি মৃত্যুর কাছে, হে গোপন ছায়া এসে দিয়েছে ধিক্কার।
অহরহ আজ শুধু, ডেকে যায়, যাত্রী জানি,—পাপিয়ার গাড়ি,
শোকের মতন খাদ্য অসম্ভব, আলজিভে দেখি প্রতিদিন
বাসা বেঁধে খুঁটে খায় হৃৎপিণ্ড নীল স্বাস্থ্যতাবলি
ঝিঁঝিঁগুলি দাঁতে কাটে সযত্নে আমার নিদ্রা জ্যোৎস্নার ঝোঁপে!
প্রতীক্ষার মতো তবু আজও কত ঘরবাড়ি আমার ভেতর
প্রয়োজন-সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তোমাকেই ডাকে;
কয়েক মুহূর্ত শেষে ঘরবাড়ি ভেঙে যায়, স্বপ্নডায়েরিও।
ছিঁড়ে যায়, ছিন্ন করে, তুমি সে মুহূর্তে জানি হাসছ, গোপন,
প্রতীক্ষা তোমার—তবু বেঁচে থাকি, চোখে, কর্নিয়ার;
প্রতীক্ষা তোমার—তবু দৃশ্য করি অস্তিমেরে, আত্মার অমল!
‘সাহিত্য সাময়িকী’, ২১ সেপ্টেম্বর ১৯৬৯
আবুল হাসানের ইত্তেফাক–এ প্রকাশিত কবিতা অবলম্বনে অলংকরণ: আরাফাত করিম