বনিবনা
আমাকে দেখলে ফুঁস করে ওঠে নিরীহ লাউয়ের ডগা,
কিরিচের মতো চঞ্চু শাণায় বিলে বিলে কানিবগা!
আমাকে দেখলে সাদা মেঘগুলো রেগেমেগে হয় কালো,
থুতু হয়ে ঝরে বৃষ্টির ফোঁটা, বিদ্যুতে ঝাড়ে ঝালও।
প্রেমকেলিরত পাখিকে দেখেছি সহসা থমকে যেতে,
ফড়িঙেরা খেলে ব্যঙ্গনৃত্য যদি যাই ধানখেতে।
আমাকে দেখলে মুখ ভার করে চেয়ে থাকে তাজা ফুল,
ঘেন্নাবশত গান ভুলে যায় প্রগলভ বুলবুল।
আমাকে দেখেই পাহাড় হয়েছে এত বেশি নিশ্চল,
সাগরের পাড়ে বেড়াতে গেলেও তেড়ে আসে ক্রূর জল।
আমাকে চিনেছে আকাশ-বাতাস, পৃথিবীর ধূলিকণা,
আমি দুর্বাসা কারও সাথে তাই নাই কোনো বনিবনা।