স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল এলুয়ার, মানবতাবাদী কবি
ছবি: সংগৃহীত

স্বাধীনতা

ইউজেন এমিল পল গ্রাঁদেল, ছদ্মনাম পল এলুয়ার, পরাবাস্তববাদের সহপ্রবক্তা। জন্ম ১৮৯৫, মৃত্যু ১৯৫২। মানবতাবাদী কবি। তাঁর লড়াই ছিল সব অবিচার, ঘৃণা ও যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে। তিনি ছিলেন ভালোবাসা, ভ্রাতৃত্ব ও স্বাধীনতার সমার্থক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স যখন জার্মানির দখলে, ফরাসি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই কবিতা সেই সময় লেখা।

আমার স্কুলের রাফ খাতায়

পড়ার টেবিলে গাছপালায়

ধুলার ওপর শুভ্র তুষারে

আমি তোমার নাম লিখি

আমার পড়া সব পৃষ্ঠায়

না পড়া পৃষ্ঠাগুলোর ওপরও

রক্ত দিয়ে কাগজ ছাই বা পাথরে

আমি তোমারই নাম লিখি।

সোনায় বাঁধানো ছবিতে

যুদ্ধাস্ত্রে

রাজমুকুটে

আমি তোমারই নাম লিখি।

জঙ্গলে মরুভূমিতে

পাখির নীড়ে

চন্দ্রপ্রভার পাপড়িতে

আমার শৈশবের প্রতিধ্বনিতে

আমি তোমারই নাম লিখি।

রাতের অলৌকিকতায়

দিনের বেলার সাদা রুটিতে

উদ্ভিন্ন ঋতুতে

আমি তোমারই নাম লিখি।

আমার সব শিফন কাপড়ে

সোঁদা গন্ধময় পুকুরে প্রতিফলিত সূর্যে

হ্রদের পানিতে সমুজ্জ্বল চাঁদে

আমি তোমারই নাম লিখি।

দূর দিগন্তে বিস্তৃত মাঠে

পাখির ডানায়

আবছা কারখানার দেয়ালে

আমি তোমারই নাম লিখি।

উষার প্রতিটা নিশ্বাসে

সমুদ্রে জাহাজে

দুর্বোধ্য পাহাড়ে

আমি তোমারই নাম লিখি।

মেঘের ফেনায়

ঝড়ের ঝাপটায়

একঘেয়ে প্রবল বৃষ্টিতে

আমি তোমারই নাম লিখি।

ঝকমকে বস্তুতে

রঙিন টুপিতে

জীবন্ত অবয়বে

আমি তোমারই নাম লিখি

প্রাণচঞ্চল সড়কে

প্রশস্ত রাস্তায়

উপচে পড়া ভিড়ের চত্বরে

আমি তোমারই নাম লিখি।

প্রজ্জ্বলিত আলোতে

নিভে যাওয়া বাতিতে

আমার সব বাড়িতে

আমি তোমারই নাম লিখি

দুভাগে কাটা ফলে

আমার ঘরে আয়নায়

শূন্য শক্ত বিছানায়

আমি তোমারই নাম লিখি।

আমার শান্ত ও পেটুক কুকুরে

তার প্রশিক্ষিত কানে

অপরিপক্ব থাবায়

আমি তোমারই নাম লিখি

আমার দরজার পাল্লায়

গৃহস্থালির জিনিসপত্রে

পূজার আগুনের লেলিহান শিখায়

আমি তোমারই নাম লিখি।

প্রস্তুতকৃত সব মাংসে

আমার বন্ধুদের কপালে

এগিয়ে আসা সব হাতে

আমি তোমারই নাম লিখি

বিস্ময় উদ্রেককারী জানালার কাচে

সুস্থির ঠোঁটে

প্রগাঢ় নীরবতায়

আমি তোমারই নাম লিখি

আমার বিনষ্ট আশ্রয়ে

অতি উজ্জ্বল মশালে

আমার বিরক্তির প্রাচীরে

আমি তোমারই নাম লিখি

বাসনাহীন অনুপস্থিতিতে

বিবসন একাকিত্বে

মৃত্যুর মিছিলে

আমি তোমারই নাম লিখি 

ফিরে পাওয়া সুস্বাস্থ্যে

উবে যাওয়া ঝুঁকিতে

স্মৃতিহীন আশায়

আমি তোমারই নাম লিখি

এবং একটিমাত্র শব্দের প্রভাবে

নতুন করে শুরু করি আমার জীবন

আমি জন্মেছি তোমাকেই জানতে

তোমার নাম

অনুবাদক

ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র কাজী আব্দুল্লাহ আল মুক্তাদির ফরাসি ভাষা শেখেন ছাত্রজীবনে শখের বশে। পেশাদার অনুবাদে হাতেখড়ি কর্মজীবনের শুরুতে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকায় চাকরির সুবাদে। তাঁর সর্বশেষ প্রকাশিত অনুবাদ বই ‘শাহেনশাহ-এ-কাওয়ালি নুসরাত ফতেহ আলী খান’। ফরাসি দূতাবাসের কর্মকর্তা মুক্তাদির ফরাসি ও স্প্যানিশ ভাষার শিক্ষকতাও করেন।