প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুমি যদি না আসো নাই,
আমি তোমার কাছে যাব—
শেওড়াগাছের মাছের ছায়ায় উল্টে পড়ে ব্যথা পাব।
তোমার ঘরে তুমি যদি
আর না থাকো,
যেখানে যাও যে ব্যথা পাও আড়াল রাখো,
তবু তো সেই আটচালাতে তুমি ছিলে,
সেখান থেকে
এক বিকেলে
টান দিয়েছ এই নিখিলে—
এই বাড়িটার উঠোন আমি কুড়িয়ে নেব;
ঘন ছায়ার নরম হাওয়ায় চোখের পাতা জুড়িয়ে নেব—
তুমি যদি না আসো আর পায়ে পায়ে আমিই যাব,
সকালবেলা সন্ধেবেলা
পায়ের সঙ্গে পাতার খেলা,
তোমার বাড়ির গাছগাছালির
গোপন ছায়ায় পথ হারাব—
তোমার বাড়ির একটি শাড়ি
উড়তে উড়তে লাল ছড়াবে,
অস্তাচলের আকাশটাকে
নদী যখন আঁকতে থাকে
তুমি তাকে কোলে নিয়ে বাড়ির মধ্যে মিলিয়ে যাবে।