কয়েনের স্বপ্ন

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

বাইরে তুষার—
যেন গোলাপি কটন ক্যান্ডি।
নির্জনতা—দুর্গম কক্ষের নির্মম উষ্ণতা।
চাইলে বদলে যেত পরিচ্ছন্ন ঘরের গোপন ক্ষত,
ব্লাইন্ডের অদৃশ্য চাবুকে দেহের শূন্যতা।

সমীকরণে অভ্যস্ত শরীর—
সারল্য, জটিলতা, করুণ একঘেয়েমি।
বিশৃঙ্খলা, ফুল, ভালোবাসা
যদিও সমাপ্তি—
হতে পারত সাহস।

অক্টোবরের শুকনো পাতায়
তামাটে রঙে ভেজা মাটির উচ্ছ্বাস।
যেমন ট্র্যাজেডি—
বিবস্ত্র ব্যথার আড়ালে বিজয়ী প্রেম।
এই প্রস্থান ইচ্ছার বিরুদ্ধে,
ক্রমশ অর্থপূর্ণ সূচক।

প্রতিটি ফ্যাকাশে ফুলের কেঁপে ওঠা,
দ্বিধাগ্রস্ত হৃদয়ে একান্ত হাতে বোনা
নীল সোয়েটারের আলতো ভাঁজের উত্তাপ।

পার্কের শুকনো ফোয়ারার
তলানিতে পড়ে থাকা
কয়েনের স্বপ্ন।