মাঝে মাঝে যাব কার আছে?
মাঝে মাঝে একা মনে হলে
নদীর কাছেও যদি যাই—
নদীও এড়ায় কৌশলে
মাঝে মাঝে ভুল হয়ে গেলে
কোথায় খুঁজব ইরেজার
একান্তে ভুল ঘষে ঘষে
ফুলের গোড়ায় ঢালি সার
মাঝে মাঝে কার কাছে যাব
সবারই তো ক্ষত, পোড়া দাগ
বাড়ানো হাতের দিকে গেলে
দেখি তারও বিষের পরাগ
মাঝে মাঝে যেতে হয় সবার
সুখ ভেবে বিষাদের দিকে
শিয়রে জ্বালিয়ে রাখা আগুন
তৃষ্ণার রঙে হয় ফিকে