অন্নপূর্ণা
ধীরে ধীরে হল্য করে তুলেছ এ অহল্যাভূমিকে।
লাঙলের ফলা নয় যেন শক্ত শাণিত ঋ-কার, তা-ই দিয়ে
জ্যোৎস্নারাতে ফুটিয়ে তুলেছ আদিগন্ত সারি-সারি হলরেখা।
মেঘের ভেতরে ভোরে ছিটিয়ে দিয়েছ শস্যবীজ
সন্ধ্যাবেলা ভারী হয়ে আসে ওই গর্ভবতী গম্ভীর জলদ
তারপর একটানে নামিয়ে এনেছ ঘন মেঘদল, বীজসহ,
অনুর্বর ভূমিতে তোমার।
সেই থেকে এ ভূমি উর্বরা, ত্রিফসলা, শস্যশ্যাম।
আর এই না হলে অন্নদা তুমি অন্নপূর্ণা,
স্তন্যদা ও স্বয়ংসম্পূর্ণা!
তোমার যেকোনো যোজনায়
পরবর্তী যেকোনো প্রবর্তনায় যেন
শামিল থাকতে পারি আমি।