মে দিবসের ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কায়িক-মানস শ্রমের বাজার

বহাল আছে বেজায়

শ্রম-শোষণের নিত্যনতুন

ফিকির কে বা ঠেকায়?

অনলাইন বা অফলাইন

যেখানেই তুমি থাকো

শ্রম না বেচে বসে খাবে

ওসব চিন্তা রাখো

মা-বাপ যদি জমি-জিরেত

রেখে যেত কিছু

উন্নয়নের জোয়ারে না হয়

ডেভেলপর নিত পিছু

তা তো তোমার কপালে নেই

খুঁজতে থাকো উপায়

বছর, মাস, ঘণ্টাও নেই

শুধু মিনিট নিয়োগের আয়!

ছুটকো কাজের নমুনা দিয়ে

উবার পাতে নতুন জাল

স্বাধীন তুমি ভোক্তা-শ্রমিক

ট্রেড ইউনিয়নের ভাঙ্গলো হাল

৯০ শতাংশের দলে তুমি

সম্বল কেবল নিজের শ্রম

গেইটস, বাফে, বেজস, মাস্ক

জাকারবার্গদেরই পরাক্রম

অটোমেশন বা এআই বলো

লক্ষ্য তাদের একটাই

কী করে যে শুষে ঠকিয়ে

লাভের গুড় একাই খাই!