দুর্যোগ
ধর্ম আর শজনে ফুল একসাথে ঝরে পড়ছে। ফাগুন বাতাস কতটা অধার্মিক হলে এমন ঘটাতে পারে।
ছায়াবাজি রোদ তোমার আকার বিকৃত করে দেখাচ্ছে সমাজকে। যেন তুমি শিমুল। তোমার শরীর রক্তনদী থেকে উঠে আসা ধ্রুপদি সংগীত। সব মানুষ গাইতে পারছে না। সবাই শুনতে চাইছে না। তবু বাজছ তুমুল। মগজের ঝিল্লি ছিঁড়ে যাচ্ছে, জোড়া নিচ্ছে। দিনরাত রাতদিন একই ঘটনাপ্রবাহের দুর্যোগ থেকে শুরু হচ্ছে সকাল।
বৃহস্পতিবার
দাবি ছেড়ে পার হয়ে যেতে পারি
বিবিধ বৃহস্পতিবার
মুখস্থ সঙ্গমের রাত ফিরে এলে
বারবার উলঙ্গ হতে ইচ্ছে করে যদি
অকস্মাৎ ডেকে ওঠো কারও নাম
বারান্দার গ্রিলে ধাক্কা খেয়ে
কেটে যায় কপাল তোমার
কুকুরটা তক্ষুনি ঘেউ ঘেউ চেঁচায়
জেনো বৃহস্পতিবার পেরিয়ে
সমুখে এগিয়ে যাচ্ছে একটি শামুক
তার পায়ে পাহাড়ি মেয়ের ঘুঙুর
শরীরে একান্নবর্তী পরিবারের প্রেম
গলায় ভাঁজ খোলা চিঠির মাদুলি
মাঝরাতে ডাকলে সে থুতু ছোড়ে
বৃহস্পতিবার রাত হলেও।
কালবাউশ
পিঠের নিচে বরফ বিছিয়ে শুয়ে আছে
মরা মাছ এক কালবাউশ। কানকো ছুঁলে ছলকে পড়বে শীতল রক্ত। ভেসে যাবে বাজার অগ্রহায়ণের। ‘তফাত যাও সব ঝুট হ্যায়’ হাঁক ছেড়ে চলে যাবার সময় যাকে পাগল ভেবে থুতু ফেলেছ। তার আস্তিনে লুকানো আছে আট জোড়া পুরোনো টাঁকশাল। হরেক রঙের চকচকে নোটে নগ্ন পুরুষের অর্ধেক আঁকা বুক। বাকি অর্ধেক বুক বরফকলে থেঁতলে পিঠের নিচে বিছিয়ে রাখা। আমিও সেই বরফে শুয়ে থাকা কালবাউশ। আজ রাতের মধ্যে ফিরে যাব ঋণদাতার রসুইঘরে। যেখানে ধারালো বঁটি ঝিলকোচ্ছে চাঁদ ডুবে যাওয়া অন্ধকারে।
স্তন
পাহাড় একটি স্তন
স্পর্শ করলেই সমস্ত শীত ঝরে যায়
মধ্যবর্তী দূরত্ব বজায় রেখে
স্তন বাঁটোয়ারার মজলিশ চলছে
অন্ধদের মধ্যে কেউ কেউ
চিৎকার করে বলছে—
স্তন নয়, আমাদের দৃশ্যমান কিছু
দান করা হোক
আকারে দীর্ঘ ভার বহনে সক্ষম
ভিখিরি যারা তাদের প্রত্যেকে
অন্ধ হবার আবেদন করেছে সানন্দে
পর্যটকদের মধ্য থেকে একজন
পাহাড়ের দাবিতে এগিয়ে এল
যার স্ত্রী সন্তান জন্ম দিয়ে মরে গেছে।
প্রেম
জেগে থাকো রাত
ঘুমের খেরোখাতায় লিখে দাও
ফিলিস্তিনের মুক্তি
বিজয়ের আনন্দে লুটিয়ে পড়ুক
এলাচের সুবাসিত ফুলঝাড়
শিশুদের হাত থেকে উৎকৃষ্ট হরিণের
স্বাদু কাবাব কেড়েকুড়ে খেয়ে নিক
খিদে ভুলে যাওয়া অভুক্ত পাগল
খাদ্যভর্তি জাহাজের সাইরেন
আমি আমার ঘর থেকে শুনতে চাই
তরুণীরা বিনুনি খুলে বাতাসে
উড়িয়ে দিক চুলের পতাকা
পরহেজগারের ওয়াক্ত কখনো
সংকীর্ণ হতে পারে না
সমগ্র জগৎ তৈরি হয় ইবাদতকে
আড়াল করে মাখলুকাত লুকিয়ে
যেমন আমাদের ঘুম আজও
আমরা লুকিয়ে রাখি প্রেমের ভিতর।