ফিরে আসাই প্রত্যাবর্তন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যতায় ফিরে আসা প্রত্যাবর্তন নয়, এ শুধু বেদনার মুখোমুখি হওয়া,

বিষণ্ন আকাশের কালো মেঘে লুকানো কান্নার কাছে ফিরে আসা,

এর চেয়ে দীর্ঘ যাত্রা ভালো, প্রত্যাবর্তনের স্বপ্নতাড়িত অপেক্ষা ভালো।

সব ফিরে আসা প্রত্যাবর্তন নয়।

প্রত্যাবর্তন পূর্ণ হয় কলহাস্যে,

চোখের তারায় আলোর নাচনে।

প্রত্যাবর্তনে পথের ক্লান্তিগুলো মুছে যাবে নিমেষে

নিদ্রাহীন রাত্রিগুলো থেকে যাবে পথে।

প্রত্যাবর্তন ফিরে আসা নয়, এর চেয়ে বেশি। 

সব পথ প্রত্যাবর্তনের নয়, সব পথ ফেরে না তো ঘরে—কিছু কিছু শূন্যতায় শেষ হয়।

জীবনের সব কথা, সব কল্পকাহিনি শুধু প্রত্যাবর্তনের জন্য।

ফেরার আকুতি শুধু ফেরা নয়

শুধু পরিচিত পথ পার হওয়া নয়

ব্যস্ত সড়ক, ট্রেনের হুইসেল, বিমানবন্দর, ফেরির যাত্রা নয়—

প্রত্যাবর্তনের স্বপ্ন।

সবাই কি প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষায় যাত্রা করে দূরে?

যত দূর যায়, ততটাই কি প্রত্যাবর্তনের স্বপ্ন?

দূরত্ব নয়, দীর্ঘ পথ নয়, ভ্রমণের আনন্দ নয়

প্রত্যাবর্তন মানে কলহাস্যমুখর গৃহ

শিশুর আলিঙ্গনের অপেক্ষা

এলোমেলো সবকিছু।

ফিরে আসা মানেই প্রত্যাবর্তন নয়।