প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে আজ অনেক মানুষ, আত্মীয়স্বজন
বসে বসে গুনছে খুকু মোট তারা কজন।
হচ্ছে কাটা মেজো আপুর জন্মদিনের কেক
বলল খালা, আয় কাছে আয়, কেক কাটা তুই শেখ।
কেক কাটা কি কঠিন কিছু?
ঘুরছে তবু খালার পিছু
লাগছে ভীষণ মজা
কেকের পাশেই সাজান আছে বুন্দিয়া আর গজা।
আছে হরেক খাবার
এসব ছেড়ে ইচ্ছে কি হয় একটু দূরে যাবার?
কার প্রিয় কী মিষ্টি
আম্মু বসে সারাটা দিন করেছে সব লিস্টি।
রসগোল্লা, রাজভোগ আর মুক্তাগাছার মণ্ডা
খাবে খুকু মনের সুখে আজকে কয়েক গন্ডা।
কেক কাটা শেষ, খাচ্ছে সবাই, যার যেমনই ইচ্ছে
সবার প্লেটে আম্মু খাবার তুলে তুলে দিচ্ছে।
এবার খুকুর পালা
এগিয়ে দিল খুকু নিজের থালা।
একটা রসগোল্লা দিয়ে আম্মু বলেন হেসে
আর দেব না, বেশি খেলে বাধবে অসুখ শেষে।
অভিমানে গাল ফুলে যায় মিষ্টিপ্রিয় খুকুর
দুঃখ জমে বুকের ভেতর, হয় জমে তা পুকুর।
মুছতে থাকে দুচোখ বসে একা উঠোনে
বলল না ক্যান আম্মু তাকে, আরও দুটো নে।