আমরা কেউই কাউকে চিনি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার কাজিন সংখ্যাটা কত?

চারজন আছে মোটে

সকলের বাড়ি সকলেই যাই

যখনই সময় জোটে।

আমরা ছোটরা খুবই আপন

বয়স একই বলে

একই রুমে সময় কাটাই

একসাথে সব হলে।

কী করে আমরা সময় কাটাই?

নানাবিধ গেম আছে

গেম দিয়ে ভরা একখানা ট্যাব

থাকেই সবার কাছে।

কেউ বসি ফ্লোরে, কেউবা সোফায়

কেউ বসে যাই খাটে

দারুণ দারুণ গেম খেলি তাই

দারুণ সময় কাটে।

কারও দিকে কেউ তাকাতে পারি না

কথাও হয় না বলা

নেই খুনসুটি, ঝগড়া-বিবাদ

চুলটানা, কানমলা।

ট্যাব নিয়ে থেকে এমন হয়েছে,

প্রায়ই ভেজাল লাগে

বাইরে কোথাও দেখা হলে ভাবি

কোথায় দেখেছি আগে!

কণ্ঠ শুনলে চিনতে পারি না,

চেহারা লাগে না চেনা

কোনটা টাবলু, কোনটা নিলয়

কোনটা শুক্লা, হেনা।

আমরা কেউই কাউকে চিনি না

কেমন ঝামেলা বোঝো!

কী বললে! তুমি আমাদের মতো?

সারাক্ষণ ট্যাব খোঁজো?