আষাঢ় মাসের ১২ তারিখ
ঝমঝমানো বৃষ্টি
শান্তিবাগের গলির মুখে
রিকশা ছিল ২০টি।
সেখান থেকে বৃষ্টিমাখা সুরেলা গান সৃষ্টি
এবার চলো গানের দিকে আমরা দেব দৃষ্টি
আষাঢ় মাসের ১২ তারিখ সেদিন ছিল বৃষ্টি।
এই গানটির শিল্পী ছিল টুনি এবং টোনা
হয়তো আগে এমনও গান হয়নি কারও শোনা।
টোনা-টুনির পরিচয়টা জেনে রাখো আগে
দুঃখ-সুখে ওরা থাকে ঢাকার পরীবাগে।
টোনা-টুনির সংসারটা ছোট্ট পরিপাটি
ছোট্ট পাতিল, ছোট্ট থালা, ছোট্ট চামচ-বাটি।
ফ্রিজ-টিভি নেই, সোফা নেই, নেই তো টেবিল-চেয়ার
গান শোনানোর নেই আয়োজন, নেই তো সিডিপ্লেয়ার।
টোনার গানে টুনি শ্রোতা, টুনির গানে টোনা
এমনি করেই টোনা-টুনির আনন্দে গান শোনা।
উড়তে-উড়তে এসেছিল শান্তিবাগের মোড়ে
বৃষ্টিডোবা ঢাকা দেখে মাথা ওদের ঘোরে।
জল থইথই ঢাকা শহর
চলছে ভেসে গাড়ির বহর
জবুথবু রিকশাচালক পথ খুঁজে না পাচ্ছেন
২০টি রিকশা হঠাৎ যেন ভেসে ভেসে যাচ্ছে।
বইঠা ছাড়া রিকশা চলে দুর্ভোগেরই চিত্র
রিকশাচালক খুব অসহায় নেই তো তাঁদের মিত্র।
খন্দখানা সড়কজুড়ে ঢেউখেলানো ছন্দ
লাগছে যেন নদীর মতো পথ হয়েছে বন্ধ।
আষাঢ় মাসের ১২ তারিখ ভেজা গাছের ডালে
টোনা-টুনি গান ধরেছে বর্ষাঋতুর তালে—
আয়রে নদী আয়রে ছুটে আয়রে তোরা দেখে যা
বৃষ্টিজলে ডুবো শহর ঢাকার মাটি মেখে যা...