বেলস পার্ক রোড
বনলতা সেন দেখেছেন আমাকে কথা বলেননি কো
কীত্তনখোলা তীরে পড়ে আছে একাকিনীর ইকো
বরিশালজুড়ে রাত্রি দুপুরে চলমান বড়দিন
দিয়ে গেছে কিছু কোয়েনসিডেন্স সাক্ষ্য-প্রমাণহীন
নিয়ে বসে থাকি গেস্টহাউসের বারান্দাভরা শীত
আলো ঝলমলে গির্জা দাঁড়ানো আমাদের বিপরীত
আমি এইখানে আমি আর বনলতা আর তার চুল
জাহাজের ভেঁপু কেঁপে কেঁপে উঠে জাগাচ্ছে চার কূল
বরিশালব্যাপী হাই হ্যালো হ্যাপি চলমান বড়দিন তার
দিয়ে গেল কিছু বিষয় খোড়াক আকাশ-পাতাল চিন্তার
সন্তরণরাশি
বিদেশি গবেষণায় কত কিছু প্রমাণিত হয়
তোমার হাসির মানে তোমারি অভ্যন্তরে রয়
দেখে আমি পুলকিত ভূগর্ভস্থ মিষ্টিআলুর কষ
থেকে হয়ে উদ্ভূত উল্লম্ফনের ঝাঁকিতে অবশ
ছিলাম কয়েক মৃত্যু সমপরিমাণ বাসনার
পাপেটে মোড়ানো কোনো মিশনারি পরিষেবাবৎ
তোমার হাসির মানে আরও প্রাচীন শাসন ব্যবস্থার
দীর্ঘসূত্রতায় বোনা আছি আমি এযাবৎ
রকেট এগুইতেছে
শীতের মধ্যেও তুমি ফুটিয়েছ মেনথল তোমার
আমার ব্যবসা ভেঙে চৌচির পড়ে আছে ঘাসে
ঘোলাটে কেনই আর রঙিনও বা কেন এ দুপাশ
তিউনেসিয়ার কোনো সমুদ্র উপকূলবর্তী
অচেনা না-থাকা কোনো শহরের উপকণ্ঠে কি
পৌঁছে গিয়েছি মোরা অবিরাম শাল্টু টেনে টেনে?
অসমর্থিত দৃশ্যের মধ্যে ঢুকে পড়ে বসে আছি যেন
অতিকায় পাণ্ডুরবর্ণ কুয়াশারা ঘনীভূত হয়ে
আমাদেরকে পুরে নিচ্ছে শামুক-সদৃশ কুণ্ডলিতে
উগড়ে ভিতরে নিয়ে ফ্যা ফ্যা করে ছেড়ে দিয়ে দিয়ে
প্রতিবেশে মন্থর এ যাওয়ার দাগ ফেলে ফেলে
রকেট এগুইতেছে ধীরলয়ে হাওয়া বয়ে বয়ে
দুখি আমরা
আমরা দুজন দুইটা ভিন্ন দ্বীপের মধ্যে আটকা আছি
চিরস্থায়ী দুখের সঙ্গে সকাল–সন্ধ্যা টাটকা আছি
পৃথক পৃথক অপ্রাপ্তিযোগ এই জীবনকে ব্যাকুল করে
রাখল যেন একটা ফেরি এ কূল থেকে সে কূল ক’রে
পুত্রহারা পিতার মতো মায়ের মতো অবিশ্বাসে
এদিক থেকে সেদিক ঘুরে দিচ্ছে বাড়ি বুকের শ্বাসে
আমরা দুজন ব্যস্ত আছি ভিন্ন দ্বীপের কাঁকড়া খোঁজায়
না জেনেও টের পাওয়া আর কাকতালীয় দুচোখ বোজায়
কিন্তু ছিলাম পৃথক, আছি, থাকব পৃথক সম্ভবত
শাশ্বত দূর, অদূর হতে হাত বাড়াবে বংশগত
বরফশক্তি
যেন চলে গেছি ফিরে;
জাপানি ভাষায় কথা বলা কোনো রাশিয়ান নদীতীরে
ফেরা তবু একদিন বের হওয়াহীন হতে পারে তা–ও
বুঝলাম চেনা লাগতেই পারে
ভালুকের বিছানাও
সবকিছু খুবই মানিয়ে যাওয়ার পর থেকে শুরু হয়ে
এসে ভর করে গায়ে ও গতরে
চোখ কান ভুরু হয়ে
অভিব্যক্তি অবধি পৌঁছে সুনসান মিশে থাকে
যেন চলে গেছি কাকে
না নিয়েই তবু ফিরবার মতো বলা নেই কওয়া নেই
যেন যা হয়েছে একবার তার দুইবার হওয়া নেই