ক বি তা

মাসরুর আরেফিন
তাই তখন আমি কিংশুকের বনে
এক্সট্রিম সিটিতে বাস করি, যেখানে
‘সিরামিক এক্সপো’ শুরু হলো,
চলবে তিন দিন ধরে—পাঁচ থেকে সাতই ডিসেম্বরে,
এরই মধ্যে কফিশপ খোলা হয়েছে ‘অন্তরীপ’ নামে,
এবং তার কাছাকাছি জেরি বিস—‘চকলেট অ্যান্ড চিজ অ্যাফেয়ার’ বলা হচ্ছে যাকে—
(এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারস বললেই–বা
কী ক্ষতি ছিল!)
আর ওটা পেরিয়ে গেলে ‘এক্সট্যাসি’,
দোকানের নাম, বার্গার কিংয়ের বামে,
যেখানে পোস্টারে এক মেয়ে বলতে চাইছে যে
সে যা দেখা যাচ্ছে তার চাইতে ভালো মেয়ে।
শুনেছি নিগার তার নাম,
অতএব বিভ্রান্ত আমি ভেৃবে যে তাকে
আমেরিকার রাস্তায় কী নামে—ধরো পেছন থেকে—চিৎকার করে ডাকা হবে?
এটুকু দেখেই ক্লান্ত হয়ে গেছি, মা, আমি—
তো, সিরামিকের সসার প্লেট-জগ-মগ
কী করে দেখা হবে?
যেহেতু এদিকে তাসকিন—ক্রিকেটার আমাদের—বলে
বসেছে মারাত্মক এক কথা
যে, ‘জীবনে আবেগের খাওয়া নেই’—
এই ব্যালিস্টিক মিসাইল ধরনের কথা
সে বলল কেন, বলল কীভাবে?—
সে প্রশ্ন থেকে যায় বিশেষ করে
তাদের জন্য যারা বলে, এ পৃথিবী বদলাতে হবে!
হায়, সে নিজে বদলেছে কি বিছানার বাম দিকে শোয়া?
বদলেছে কি গালি দিয়ে কথা বলা?
যেমন হারামজাদা, তোরা সিরামিকের এক্সপোতে
পোর্সেলিনের দাঁত নেই কেন (যেহেতু আমার দাঁতে ব্যথা),
যেখানে মিসাইলের নাকে আমেরিকা
সিরামিক বসিয়েছে সেই কবে সেই কবে,
এমনকি গ্যাস বার্নারেও যে নজল থাকে তা-ও,
সেখানে তোরা খালি কাপ-পিরিচ কাপ-পিরিচ
করে যাবি—চিরকালই?
আহা, এইভাবে বিগ পিকচার থেকে
ঢাকা নামের এই এক্সট্রিম সিটি
যদি নিজেকে ছোট করে আনে
গেলাসের ঢাকনির মাপে কিংবা ধরলাম হাফ প্লেট,
সেটাই ধরা গেল, যেহেতু তর্ক চলছে এ বিষয় নিয়ে,
তবে তাতে কার কী উদ্ধার হলো?—
চোখে তাকিয়ে কথা বলো,
বলো পৃথিবী বদল হলো নাকি?
বদলালে টেবিল ডেকোরেশনই তো বদলাল শুধু!
আমি, অতএব, দরজায় ছিটকিনি দিয়ে
বিজ্ঞাপনের ওই নিগার মেয়েটাকে সাথে নিয়ে
যদি গুগল ম্যাপ খুলে
কোনো নিউক্লিয়ার প্ল্যান্টে ঘুরে আসি,
তখন বলবে না যেন কী দরকার ছিল,
ঢাকা তো ছিলই এক এক্সট্রিম সিটি,
এবং কথা ছিল এসব এক্সপো করে করে
আর শুধু কফিশপ ও টংঘরের মতো
একের পর এক এটিএম বুথ খুলে
একে চরম কোনো এক মানে দেওয়া হবে
(যেহেতু আমাদের এতগুলো জীবন,
কোনো একটা অর্থ নিয়ে চলতে তো হবে!)
আর যেহেতু খেলাঘরও নেই, নেই বিমল বিশ্বাসও
এবং রাশিয়া ও চীন থেকে আসা বইগুলো,
তাই, কী দরকার ছিল মেয়েটাকে নিয়ে
সিরামিকে গড়া ইউরেনিয়াম অক্সাইড পেলেটস
দেখার লোভে
ওই অত দূরে যাওয়া,
যদি তাতে জীবনের তাৎপর্য অর্থে
কোনো উপকারই না হলো?
সেটা ভালো কথা,
ভালো না হলেও কথা খারাপ নয় মোটে,
তবে এটাও মানতে হবে যে
এইখানে যারা ভালো কথা বলে
তাদের থামানোর জন্যই এই এক্সপোতে
সিরামিকের ডিস্ক ব্রেক ইতিমধ্যে বন্দরে এসে গেছে—
তাই তখন আমি কিংশুকের বনে
উচ্ছৃঙ্খল রক্তরাগে স্পর্ধায় উদ্যত হয়ে
(রবীন্দ্রনাথ এইখানে ‘উদ্ধত’ না বলে ওটাই বলেছেন বলে)
তাসকিনের খোঁজে মাঠে মাঠে
বুভুক্ষু হয়ে, বিচ্ছুরিত আলো হয়ে,
বেঁচে থাকার অর্থ দিতে দিতে
আবেগের খাওয়া নিয়ে—তোমাদের
চিরন্তন সিরামিকের প্লেটে।
পিয়াস মজিদ
পরমের পাখি
গড! টেক মাই সোল টু দ্য প্লেস
হয়্যার আই মে স্পিক উইদাউট ওয়ার্ডস
—রুমি
আমার একলা রাতের
রুহদরিয়ার কালো কূলে
সবুজ সুফি-সেতু বেয়ে আসেন তিনি।
জানা আছে তার
বিনিদ্র বিহঙ্গ বৈঠকের গোপন খবর,
এ–ও জানেন
নক্ষত্রদের নাচের মজলিশে
কী সুরে কাঁদে আকাশের আত্মা!
বজ্রগর্ভ–বক্ষ থেকে
যখন রুদ্ধদিগন্ত
খরাভাগ্য বান্দার থালায়
প্রসার করে না এমনকি একফোঁটা বৃষ্টি
তখন আপনি
গালে হাত দিয়ে মনে করতে থাকেন
আমার জন্য বরাদ্দ ছিল কী
ক্ষণিকা নাকি পাখি-শাশ্বতী?
আমি এক প্রেম-অনাথ
নাথের লীলা বুঝে না বুঝে
শুধু কারও বেদরদি বুকের দরগায়
আজন্ম অন্ধকার চূর্ণ করে
জ্বালাতে থাকি হৃদয়-মোমের বাতি।
জীবনের পাঁচ ঋতুর
এমন এবাদত—আকুলেও আসেনি
মৃত্যুময় একটি বসন্ত।
তবে সেই থেকে
একলা আমার শানে
প্রতি রাতে, কুহুরবে জপা হয়
ঋতুহারা কোকিলের অনন্ত জিকির।