ক বি তা

হাবীবুল্লাহ সিরাজী
জমিনে ফারাক নেই
জমিনে ফারাক নেই—বান্দা হে কবুল!
গোল হয়ে ঘুরি
সুলুক-সন্ধানে থাকি
কোনখানে মায়াভূমি, কোন দিকে আমার পশ্চিম?
পাথর তো পরিণাম নয়
ধুলোজমা ঘাম আর অচেনা অদ্ভুত
রক্তে মিশে লেখে নাম
ধামে-যামে অপেক্ষা-ইনাম—
প্রান্তরের জলপাই থেকে পুবের আমলকী
মুখে-মুখে ছড়িয়েছে অনাদি আসমান!
জমিনে ফারাক নেই—বান্দা হে উশুল!
যত না তোমার
তারও অতি একদণ্ড ক্লেশ
অপেক্ষায় থাকে;
বান্দা আমি ভূমিবন্দী, অগ্নিসন্ধি
নিত্য ঢলে চলি
একবার যদি বলো, হও
আমি তো প্রস্তুত!
জমিনে ফারাক নেই...
উম্মে মুসলিমা
নদের কুমার
আমাদের গ্রামে কোনো নদী ছিল না, নদ ছিল।
কুমার নদ যার নাম।
আমি তখন চনমনে এক কুমারী,
দুর্লভপুর বালিকা বিদ্যালয়, অষ্টম শ্রেণি।
নদের কোল ঘেঁষে কোমল ঘাস
কুমারের সদ্য গজিয়ে ওঠা শ্মশ্রু গুম্ফ
ইশকুল ফেরার পথে হাত ঘষি গাল ঘষি
জনমনিষ্যি না থাকলে চিত হয়ে শুয়ে পড়ি
পায়ে চুমো খেতে খেতে কুমার সরে সরে যায়।
কোনো এক বর্ষায় সাঁতারের ছল করে
ঢেউ তুলি কুমারী বিভঙ্গ শরীর, আসন্ধ্যা
কুমারের জলে ভাসে প্রথম প্রণয়
প্রথম চোখের পানি জমা রাখে নদের কুমার
সঞ্চয়ে রেখে দেয় বিরহের গান
শেওলার শিকড়ে মাখিয়ে রাখে ত্বকের সুবাস।
কুমারীত্ব ফিরিয়ে দেয় পরম মায়ায়।
কুমার কুমার থাকে। শ্মশ্রু গুম্ফ ঘাসে নেমে আসে
বয়োজ্যেষ্ঠ হাওয়া
প্রবীণ কুমার নদে গা ডুবিয়ে তৃপ্তিহীনা বসে থাকে
এ যুগের বৈধ অকুমারী। একা।
মোস্তাক আহমাদ দীন
অপ্রেমের কবিতা
ভেসে গেছে তোড়ে প্রথম কবিতা
যখন লিখেছি তোমাকে নিয়ে
দ্বিতীয় কবিতা লিখব এবার
বাধা কি আসবে ঝনঝনিয়ে?
এখনো যে তুমি এ দেশের সবই
আসনবিহীন, তবু তা ভাবো
এখনো অনেকে সে রকমই জানে
বিরহ ঘনালে তোমাকে পাব।
কারণ এখনো তোমার শাসন
রয়েছে বহাল না-লেখা গানে
তেমন খবর শোনা যায় আজও
প্রকাশ না-হোক, আছে তো প্রাণে।
দ্বিতীয় কবিতা লেখা হয়ে গেলে
আলোড়িত হবে তোমার মন?
তোমাকে পাবার বিপুল বাসনা
মানে না দেহ এ মনশাসন।