কন্যাদান
এবার বর্ষায়
এলাম বাড়ি,
গেলাম যমুনার পাড়।
ঘাটে গিয়ে দেখি
এক পুচকি মেয়ে;
ঠোঁটে লিপস্টিক
নাকে নোলক
আর আলতাপরা পা।
হলুদ চকচকে বেনারসি শাড়ি
বেশ লাগছে তাকে,
আমিও একবার বউ সেজেছিলাম
যেমন খুশি তেমন সাজে।
পুলকিত হয়ে
গেলাম কাছে
দেখি চোখ দুটো তার ভেজা;
চমকিত হয়ে জিজ্ঞেস করলাম,
‘নাম কী তোমার, বাছা?’
কাঁদো কাঁদো গলায় বলল আমায়,
নাম তার বর্ষা,
‘যাচ্ছি শ্বশুরবাড়ি
মা বলেছে, পুতুল দেবে
নতুন শ্বশুর-শাশুড়ি।’
কিন্তু, মায়ের জন্যে
পুড়ছে পরান
মাকে খুঁজছে সে;
‘নতুন বাড়িতে কাউকে চিনি না
ভয় পাচ্ছি যে।’
শুনে যেন আকাশ গুড়ুম
পড়েনি দাঁত একটাও তার;
এইটুকুন মেয়ের বর নাকি
বিশাল জমিদার।
বুড়ো জমিদারের বেজায় মেজাজ
চড় দিল তার গালে
স্কুলের ব্যাগটি টান দিয়ে
ছুড়ে ফেলল জলে।
হঠাৎ করে পড়ল বাজ
নৌকা দুলছে আঁকাবাঁকা,
জানি না, এভাবে কত বর্ষার জীবন
কালো মেঘে গেছে ঢাকা।
ক্ষুব্ধ মনে হাজির হলাম
বর্ষার মায়ের পানে,
শুধাই তারে—
‘এতটুকুন মেয়েকে কেন কোলছাড়া করলে?’
আঁচলে তাহার মুখখানি ঢাকে—
কয়, ‘খাইবার পারি না মা রে;
যৌতুকবিহীন বিয়া দিবার পারিলাম,
আর কী চাওয়া এই মাতৃমনে!
জামাইবাবুর বিশাল বাড়ি
মাইয়া থাকব আমার সুখে,
ওই একটু জামাই অসুস্থ;
এত কি আফসোস করিলে চলে!’
বাঁ দিক পানে চাহিয়া দেখি
বড় ভাই তাহার কাঁদে,
‘বইন আমার মেধাবী আছিল
ধ্বংস করিলা তারে।’
হঠাৎ চাচি চিক্কর পাড়ে—
‘পড়ালেখাই খাইছিল তারে,
কাল হইয়া দাঁড়ায় আছিল
আমার এই সংসারটাতে।
খোদার রহমতে আপদ বিদায়
বোঝা একখানা পারাপার,
বউমা, এবার তুমি বলো
কোল ভরবে কবে তোমার?
তোমার সখী রহিমা
দুইটা ছেড়ার মা।
বয়স তো তোমার বারো হলো,
কবে হবে বেটার মা?’
এসব দেখে কালোমুখে
ফিরে এলাম বাড়ি;
জগৎটাতে এই কেমন
চলছে রাহাজানি!
একে একে সবার যেন
ঝরে যাচ্ছে বাল্যকাল;
কন্যাদানের নামে সবাই
দিচ্ছে অকালপ্রাণ।