কবিতা
শিহাব সরকার
আমার চোখ দিয়ে দ্যাখো, মা মণি
(সদ্যপ্রয়াত কন্যা পূর্বার স্মৃতি)
তোমার ছিল দেখার তৃষ্ণা, ছিলে মনভবঘুরে
আমারও ছিল অন্তহীন পিপাসা
যেখানেই গিয়েছ তুমি
ক্যাম্পাসে ঝিলের পাড়ে, নিঝুম সাজেকের
বনপথে, হাঁটতে হাঁটতে সৈকতের ধূসরে
আবার বটতলায় বন্ধুদের আড্ডায়—
দেখেছ ছবির ভেতরের কত ছবি
তোমার প্রিয় গানগুলি বেজে যায় আমার ভেতর–জলসায়
শুধু আমি শুনি, আর কেউ না
কী দ্যাখ মামণি, কী শোনো এখন
কোথাও কেউ নেই, অবয়ব নেই, ছায়া নেই
ভিন্ন দৃশ্যাবলি, শব্দলহরি—অপার্থিব, ভূলোকের অতীত?
নাকি ধু-ধু সাদা শূন্যতা
টিভি খুললাম বহুদিন পর, ধূলিঢাকা পর্দায়
ভাসছে তোমার সা-রে-গা-মা-পা, পুরনো মুভি
‘শোকের বাড়িতে কে দেখে টিভি, এ কী অনাচার’, গুঞ্জন ওঠে
আমি দেখতেই থাকি টিভি মামণি আমার,
তোমার জন্য দেখি, আমার চোখ দিয়ে দ্যাখো
তুমি তোমার প্রিয় ছেড়ে-আসা মায়াপৃথিবী।
মাহবুব কবির
মা’র কাছে রেখে এসেছি আমার বই
মায়ের কবরে রেখে এসেছি আমার কবিতার বই।
গভীর নিশীথে মাটি খুঁড়ে খুঁড়ে
মা’র কোলে চুপে রেখে এসেছি আমার সব বই।
ছোটবেলায় সংসার–গেরস্থালির ফোকরে ফাঁকে মাকে
নিচু স্বরে গাইতে শুনেছি কত গান, মনে পড়ে।
হাজারো পাঠক পড়ে আমার কবিতা আজ, তাতে কী?
মা তো জানে না আমার গান, লেখালেখি।
তাই মা’র কাছে রেখে এসেছি আমার বই যদি পড়ে, যদি পড়ে।
হেনরী স্বপন
দেখব দেহের আদমশুমারি
ব্রহ্মবিদ্যা পেশি সমতল নাভি প্রাঙ্গণের ছিদ্র ফাঁকা
শিমুলের রক্ত লুপ্ত রাখে ঘাই হরিণের গোপন কস্তুরি
আলুথালু গন্ধ আবেগ উন্মাদনায় ছিলে পাস্তুরিও...
বিধবার অঙ্গে অঙ্গে ঋষি, বিনির্মাণ করে ফুকো-লাঁকা।
অপবিত্র চ্যাপেলের ফরিাসিও উগ্র শির করে বাঁকা ;
ক্যাথিড্রাল গির্জার মিনারে উঁচু হও, উদ্ভিদ কুমারী—
আছো কি না? গুনে গুনে দেখব দেহের আদমশুমারি।
হিজল জোবায়ের
অমাধ্যমিক
প্রভু, পার করো
মেলাকাল গেল মদে মক্ষিকায়
[সুতরাং, সময় এসে উপড়ে নেয় মাটিসুদ্ধ গাছ]
চেতনার স্মরণ,
সুপারিশ জানাই বাবা, ন্যাংটা সাঁই
শোনো দৈন্য গান দোতারায় বাজাই:
প্রভু, পার করো
পোড়া শীর্ণকায় পাতা ভাসতে চাই,
আমি ঝর্ণাতে প্রবাহের মুখে
ভুলে আটকে যাই;
প্রভু, পার করো
ছোট সুচ তারও ছোট ছিদ্রমূল-
দিয়ে নিষ্ক্রমণক্ষম আপনি সাঁই;
বিপরীতক্রমে—
আকাশের মতন বড় পাত্রতেও
যদি ধরতে চাই—আমি ব্যর্থ হই
জ্ঞানে, কল্পনায় যত ধরতে যাই
যত বুঝতে যাই
আগেকার মতন বোধগম্যহীন, ওগো নির্বিকার
রে অমাধ্যমিক;
বাবা, পার করো
কাটে গাছ করাত, মাটিলগ্ন হই;
তুমি ঠায় তেমন আগেকার মতন, একই উচ্চতায়,
যত দেখতে চাই বেড়ে যাও তত বেশি উচ্চতায়
চেতনার স্মরণ,
ইহজন্মে সাঁই তবু তোর দেখা পেয়ে মরতে চাই
প্রভু, পার করো...