কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুব সাদিক

স্তাবকেরা

স্তাবক রয়েছে আগের মতোই, স্তাবক নাচছে
হেলেদুলে ঘুরেফিরে—
স্তাবক হেসেছে সুমধুর ঠোঁটে অবিরল অবিরাম,
প্রভুরা জ্বেলেছে মায়াবী আগুন
অনুমোদনের হাসি
স্তাবক হেসেছে প্রভুদের ঘিরে ঘিরে;

স্তাবকেরা জানে অবজ্ঞা আর ঘৃণা-কবলিত

থুতুর বেশি তো সইতে হবে না হাঁচি—

শংসাবচনে তাই কোনো কৃপণতা

করবে না তারা, ভেবে দেখবে না ভুলেও কখনো

ব্যক্তিত্বেই লেগে গেছে কিনা ছি ছি;

এসব জেনেই নেচে গেছে স্তাবকেরা

মেলেছে তাদের স্বপ্নের বড় থলে

সেটাই ভরাতে

আবেগের তাপে গেয়ে গেছে অবিরাম

দুলিয়েছে পাছা বেতালা নাচের তালে;

আমরা দেখেছি শুধু

কোন ফাঁকে কবে খুলেছে তাদের

তালিমারা পাছা—সেসব হিসাব স্তাবক রাখেনি

বেতালা মাথার উদ্দাম স্তাবকেরা।

মতিন রায়হান

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া কেন এমন চোখ রাঙাও
ভয়ে মরি, রক্তলেখায় বুকে বাজে
দুঃখরাশি! গতজন্মের প্রণয়-বাঁধন
সুতোয় বোনা বিশ্রম্ভালাপ
গুমরে ওঠে! পড়তে পারো হৃদয়লিপি?

এই গ্রীষ্মে শীতের স্মৃতি

তপ্ত রোদে যায় গলে যায়...

বরফগলা নদীর কান্না শুনতে কি পাও?

কৃষ্ণচূড়া, দেখো এবার তোমার দীপ্তি

নগরজুড়ে কেমন করে আগুন জ্বালে!

দহনদিনের পোড়া গন্ধ আমার বুকে;

কোথায় আছে সেই রূপসী

খবর জানো? এই বহতা মনের কথা

কে আর বোঝে তুমি ছাড়া!

বিধান সাহা

রেহনুমা

রেহনুমা, তোমার সমুদ্রে আমি সাদা সাপ!

তুমি জানো, একটা অতীত স্মৃতির ভেতর
মুক্তোদানার মতো ঝলকে উঠেছিল নোনা আকাঙ্ক্ষা—
আর বৃষ্টি নেমেছিল খুব।
আর এক জাদুকর গান গাইতে গাইতে হেঁটে গিয়েছিল নিরুদ্দেশ!

তোমাকে পেঁচিয়ে ধরার দিনে, আজ;

পাতা নড়ে উঠলে আমাকেও মনে করে কেউ?

কিছু লবণাক্ত ঘ্রাণ সমুদ্রের কথা মনে করায়—

ঘাটে ফেরাও, সখা—নতজানু হই!

টোকন ঠাকুর

ছন্দে লেখা শ্বাসপ্রশ্বাস

তুমি কেন গল্প জমাও আরেক পৃথিবীর

আমি কেন চাঁদের দিকে তাক করেছি তির?

তুমি কেন মেলে ধরছ সংগোপনের ডানা

আমি কেন বেহালাবাদক? এবং বাদক কানা—

তুমি কেন তাম্রযুগেও তাকিয়েছিলে, বলে

পৌনঃপুনিক আজও আমার বুকের ভেতর জ্বলে

তরুণ কবির কলম থেকে ছলকে পড়া কালি

ছিলে বলেই ভাবনা তুমি, তুমিই ভাটিয়ালি

তোমাকে আমি ভাবনা করি নদীপাড়ের গান

যা একসময় মনুমেন্ট তা ভেঙে খানখান

কার? কার আবার তা বুঝবে না কাব্যপড়া লোক?

হয়তো কোথাও ডাকছে ডাকুক, বিষণ্ন তক্ষক—

আমি কেবল তোমার দিকে তাকিয়ে থাকার খোঁজে

সমুদ্রে যাব, পাহাড়ে যাব—যে এর মানে বোঝে

তার সঙ্গে দেখা হলে বলব, কেন এমন হয়?

আমার যদি জয় হয় তো তোমার পরাজয়?

কেন এমন হয় বলো আর কেন এমন হবে?

কেমন করে ফের আমাদের পুনর্জন্ম হবে?

মনে মনে ভাবতে থাকি, ভাবনাবিহীন দূরে

একফালি মেঘ রোদের তাপে যাচ্ছে কেমন পুড়ে

মনে মনে ভাবতে থাকি, ভাবনা থাকে কই?

আমি হয়তো তোমার চোখে পদ্য লিখবই

তোমার ভেতর ঘাপটি মেরে ঘুমিয়ে গিয়ে ফের

আবার যেন জাগতে থাকি, পাঁজরে, পাঠকের...

জাহানারা পারভীন

কাকতাড়ুয়ার মুখ

উঠোনে উঠোনে শুধুই প্রস্থান;
ছাপ রেখে যাওয়া পায়ের প্রতিভা
চৌকাঠে ফিরে আসার প্রতিশ্রুতি
কথা ছিল কলাপাতায় আঁকব পিকাসোর মুখ;
তাহিতির মেয়েদের হলুদ হাতের নমুনা...

উঠোনে এঁকে রাখি কাকতাড়ুয়ার মুখ

হলুদ ধানখেতে দাঁড়িয়ে থাকে, একা...