কবিতা

দিলারা হাফিজ
সবুজ গলিয়ে
সবুজ গলিয়ে চোখের গোলক দুটো
ঢুকে গেল বনের গভীরে...
পড়ন্ত সূর্যের গোধূলি আলো পিছু নিল তার,
খোল-করতালসহ বেজে ওঠে মাটির খঞ্জনা,
নবীন পাতাদের কোলাহলে বাজে আনন্দ-করতালি।
শেকড়ের সঙ্গে দৌড়ঝাঁপ, লম্ফঝম্প শেষে
মেপল বীথির ঝরাপাতা মাড়িয়ে দিব্যি তারা
ঘুরে এল পাইন বনের এমাথা–ওমাথা,
কিছু কিছু শস্যের সীমানাপ্রাচীর নেই জেনে
আদিগন্ত সবুজেরা হেসে কুটিপাটি;
ধাবমান মায়াবী হরিণ দেখে
অবাক চোখে চেয়ে থাকে বুনো আপেলের দল।
সেদিনের সেসব শ্রুতি যেন লম্বা এক বনস্পতি
ভোঁ–দৌড়ে মিলিয়ে গেল
সেন্ট লরার আদুরে জলের সরোবরে...
সেঁজুতি বড়ুয়া
আপনাকে
(উৎসর্গ: কবি রুবী রহমান)
জানি, যে শূন্য হাহাকার একা বিঁধে আছে
বাতাসের মর্মমূলে নিঃশব্দ ঘুমের ভেতর
ঘামে ভরা সে জীবন, বৃষ্টিতে-মরুপ্রান্তরে
হেঁটে যাচ্ছেন দূরাগত পথে ছায়ার ক্লান্তিতে
তবুও কোথাও বাজে নিঃসঙ্গ ডাহুকের ডাক
কোথাও আহ্লাদে ওড়ে ধুলোময় প্রখর গ্রীষ্ম
ঘুমের বলয়ে জ্বরতপ্ত রাত ফিরে ফিরে আসে
ঝলসানো চাঁদ ঝুঁকে থাকে নিস্পন্দ শরীরে...
যদি তেমন বাতাস দুঃস্বপ্নে ভারী হয়ে আসে
হাঁটতে থাকুন নিরিবিলি—রেলক্রসিংয়ের ওপর
জীবনে যেসব ঘটনা ঘটছে বেসুরো ও ভাষাহীন
সবই যেন মিস্টিক! সবই তো সন্ধ্যাকালীন ভ্রমণ!
পিয়াস মজিদ
পার্ক স্ট্রিটের ট্রিট
মল্লারের মওসুমে
ঊষরধারে রৌদ্র ঝরে
আর সব মুষল মানে তুমি;
কফির কাপ থেকে
অন্ধকার আত্মার ইনবক্সে।
গ্রীষ্মগোকুল ভিনদেশি শহরে
কথা বলেছ সমরক্তের ভাষায়
তোরঙ্গে তোলা দূরবসন্তের বর্ণমালায়।
গুমোট গরমেও ঘাম প্রার্থিত হয়
যদি তাতে লেগে থাকে হৃদয়ের নুন।
ক্ষুধাতৃষ্ণা বুকে নিয়ে আমি সমাগত
তোমার শস্যসজল উপকূলে,
হাত ধরে নিয়েছিলে
পরাপৃথিবীর পানশালাতে।
তোমার দেওয়া মেঘলা ভোজে
এই ক্ষুৎকাতরের কাছে
মৃত্যুও কেমন দেখো গভীর রঙিন!
দূরত্বের দীঘল বনে
উষ্ণ আলিঙ্গন-পুষ্পে ভেঙে যায়
ঘনীভূত অকাল সব শীতের প্রাসাদ।
এমন অম্লান বেদনার জন্যই
মলিন জীবন হতে পারে
এক গ্র্যান্ড অপেক্ষার নাম।