কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়াইব জিবরান
যাত্রা, মহিষ পিঠে
মহিষ পিঠে চলেছি বহুকাল জল-জলাজঙ্গলা পেরিয়ে।

আমি কি রাখাল তবে ছিলাম বাথানের,
নাকি দূর কোনো গাঁয়ে
বদ হাওয়া লেগে অসাড় দেহ। লোকে দিয়েছে তুলে
সাপে কাঁটা চাঁদ সওদাগর, মহিষডিঙায়।

মনে নেই কিছু। শুধু একটু একটু লোকালয় স্মৃতি,
অস্পষ্ট মানুষের মুখ
হয়তো মায়ের, হয়তো প্রেমিকার।

চলেছি এই রাতে যেন জলাধারের ওপারে আছে স্বাস্থ্যসদন
আছে সবুজ গ্রাম, বৃক্ষশোভা, নগর কিনারে
কোনো ওঁ নিরাময়া।

কী অসুখ জানা নেই কারও—আমার কিংবা মহিষের,
চলেছি বহুকাল যেন দূরত্বই আরোগ্য অথবা
পথের ধারেই আছে
পথ্য সব বনৌষধি।

জলাজঙ্গলার পথে মহিষের খুরের জল
আর কাদা ভাঙার শব্দ আর
আমার গোঙানি
অখনে এইখানে দূর হতে মৃদু মৃদু শোনা যায়।


রুদ্র আরিফ
গুপ্তচর
সময়ের খোলা চুলে ডিম পেড়ে উড়ে যায় মিথের কাক
কোকিলের লাল ছানাগুলো জাদুঘরে কা-কা...ডাকে:
কৃষকের ঘুমে—কফিনে—সুলতান কালো ধানখেত আঁকে;
গায়েবি ঘোড়ায় দাবড়ে বেড়ায় সরকারি পোষা ছত্রাক

তুমি একটা সমুদ্র হয়ে আসবে বলেছিলে, আর—
তোমার জন্য শিশুদের চোখে জেগেছিল ফুল-পাহাড়:
টিভি স্ক্রিন, বিলবোর্ডের ভিড়ে প্রত্ন-দার্শনিক হকার
তোমার জন্য গেঁথেছিল মালা—ভেঙে ইট-কারাগার;
ল্যাম্পপোস্টের ওমে ঘুম-ঘুম রাতে পোকাদের গাঢ় সংসার—
সাজিয়েছিল নীল আলো ছড়ানো প্লাবন দুর্নিবার!

ফিরলে তুমি, ফেরার কথামতো: তোমার চোখের তারা—
জাঁদরেল তান্ত্রিক এক; করে নিরন্তর শোষণের মন্ত্রপাঠ:
গলি নদীজুড়ে নাচে খলবল উদোম রক্তপ্রপাত;
তুমি বাড়াও পা, গুপ্তচর হে, দিতে মৃতের প্রহরা