কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়েল মাজহার

মানুষের উপাখ্যান

তোমার উদ্দেশে আমি বহুস্তর বুলাভা মিসাইল

স্বপ্নে নয়, ঘুমে পাঠালাম

অন্তরীক্ষে বায়ুসেনা

শত্রুতার মোহে কত র‌্যাপ্টর-সুখোই বিমান

২.

মানুষ নিজের কাছে হয়ে যায় পর!

আস্তিনে ছুরিকা নিয়ে। মর্মমূলে আত্মঘাত নিয়ে।

৩.

মানুষেরা আপন খুলিতে আজ যাচ্ঞা করে লোহুর শরাব;

নিজেই নিজের লেজ গিলে খায় আত্মগর্বী সাপ;

শরীর পেঁচিয়ে মরে। শরীর পেঁচিয়ে শুধু মারে;

৪.

মানুষের চিন্তা, প্রেম, স্নেহ ও ঘৃণার মর্মে

ওত পেতে থাকে বুমেরাং;

দূষণমেঘের নিচে অবিশ্রাম কার্বনে কার্বনে

মেদুসার-মনসার-হাইড্রার সকুণ্ডল নড়ে ওঠে সাপ

৫.

লিথিজলে রাত্রি নামে। বিস্মরণ! তরী যায় ডুবে!

৬.

মানুষ চাইছে শুধু জতুগৃহ, যুদ্ধ, হ্রেষা, রক্তহোলি, খুলি আর জয়।

—মধুমেহরোগীগণ যে নিয়মে ইনসুলিন চায়;

হালাকু-চেঙ্গিস আজও ঘরে ঘরে কাটা মুণ্ডু

ঘরে ঘরে ঈর্ষা-মদ উপহার হিসেবে পাঠায়;

সোনার থালায় ভরে, রুপার থালায় ভরে প্রেমের মোড়কে

চুম্বনের ছদ্মবেশে মানুষেরা মানুষীকে পাঠায় ছোবল

৭.

মহাশয়গণ শুধু শংসা চায়, দর্প চায়

করতল লাল করে কুরুক্ষেত্রে দামামা বাজায়;

৮.

মুর্খ ও গরিব লোক সামান্য তণ্ডুল পেতে

করতালি দেয় কিংবা বাধ্য হয় দিতে;

মূর্খ ও গরিব লোক আজীবন মুগ্ধ থাকে রঙিন ফানুসে

৯.

ভয়ে কাঁপে বসুমতি। মনুষ্য-প্রেতের লোল জিভ;

গর্জে ওঠে ধর্মাধর্ম, শকুনির হাসি আর হিংসার কামান

মানুষের খিড়কিপথে মানুষ পাঠাতে থাকে সংখ্যাহীন রণ-বায়ুযান

নখ-দন্ত-ভল্ল-তূণে মৃত্যুগামী মনুষ্য–উত্থান

১০.

কৃমিভরা পেট নিয়ে দরিদ্র লোকেরা সব নিরুপায় ক্রোধে

মনুষ্য জাতির মুখে করে চলে অনন্ত পেচ্ছাপ

তুষার কবির

কেয়াবন

কেয়াবন পার হয়ে আমি শুনতে পেলাম দূরের কিন্নরী—দুপুরের ধূলিচেরা রোদে ভেসে এল পাহাড়ি মৃদঙ্গ ডাক—তিতিরের ডানা ঝাপটানোর শব্দ আছড়ে পড়ল অরণ্যের ঝিমানো পাতায়!

ঘুঙুরের মৃদুধ্বনি খুব ধীরে ঘুরপাক খেল হারানো চূড়ায়—ফেলে আসা ছাতিমের ঘ্রাণে—উড়ে আসা হাওয়ায় হাওয়ায়! পলাতক নর্তকের ছিঁড়ে ফেলা মুদ্রালিপি নিয়ে ছুটে গেল এক নীলাভ ময়ূর!

ডেরার আড়াল থেকে কে যেন ডাকতে থাকল কামিনী ফুলের ঘ্রাণ দুপাশে ছড়িয়ে—জমাট বৃষ্টির জলে আবারও নেচে উঠল জঙ্গলের ডালপালা!

কেয়াবন পার হয়ে আমি খুঁজে চলেছি তোমার পায়ের ছাপ—কুড়িয়ে পাওয়া ঘুঙুরের দানা হাতে ছুটে গিয়েছি তোমারই পুরোনো ডেরায়!

পয়ার ও পায়রার গানে অতলে হারিয়ে যেতে যেতে তোমাকে পাব কি আজ তিয়াসার মধুরণে—এই কেয়াবনে?