কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

জাফর আহমদ রাশেদ
নামানুষ

কেন যে ভেবেছিলাম আসবে, আসতে পারো তুমি!

তুমি তো মানুষ নও, তুমি আজ পুনর্বার ভূমি

অরক্ষিত স্থাবর উন্মুখ—

একটি রক্তবর্ণ গাছ, শিমুলের মুখ;

যত আনন্দের সুতো, শিকারির চোখ

হত্যা আর বিলীনতা অপ্রকাশ্য শোক

তোমার অধীত। তুমি আসবে না, তুমি

একটি শিমুলগাছ, তার পাশে মুক্তবক্ষ ভূমি

আমার বন্দিত্ব যদি শেষ হয়, শেষ হয়ে গেলে

আমি হব পাখি, গূঢ়, কালো পাখা মেলে

সন্তর্পণে উড়ে যাব মেঘেদের কৃষ্ণশাদা

                                শাড়ির আড়ালে

ঘোরতর অমাবস্যা নিশীথের কালে

শিকারির চোখগুলো খুঁজে মরবে মিছে

তোমার শিয়রে আমি শুয়ে থাকব, শিমুলের নিচে।

আসাদ জামান
কুহু

কেউ হেঁটে গেছে মিলানকলির দেশে

তবু দেখা যায় দখল—নৃত্য পাতার।

আমি কি বাবুই তবে, ওই নৃত্যের গৃহে

রাখি নিজেকে আজও।

আবৃত হই,

কম্পনভেদী কেকারব—

সান্ধ্য-অভ্যাসে নগ্ন করে রাখে।

আহা, কনকরঞ্জন মুখ, জাবর কাটা;

ভগ্ন ঘোড়াশালে ঘর্ষণরত

পাথুরে চোয়াল,

বিরূপ নকশায় তিতিক্ষায় থাকে কার!

কে আসে, আসে কে ওই চাবুক

ঘষটায় পিঠে

হতবাক করে দিয়ে হাসে অভিব্যক্তিহীন

কী সব বিন্দু অবভাস টেনে নিয়ে যায়

আমৃত্যু অতীত—সুদূর বর্তমান

বানোয়াট সব শব্দবন্ধ পরিত্যক্ত বাথান।

শাফিনূর শাফিন
নিত্য যে সুর বাজে

যে তুমি আমার সন্ধ্যায় ঘুমিয়ে থাকো

ঘুম ভেঙে যাবে এই ভয়ে

তোমাকে নক করি না।

সেই তোমাকে সহজ জীবন ভেবে

ভুল করেছি কত দিন!

গাছে পানি দিই।

চায়ের ট্রে আসে, বিস্কুটের টুকরো

পড়ে থাকে কাপের তলানিতে

কলিং বেল আসে, দরজা খুলে

ঢুকে পড়ে ফসলের মলিন মাঠ

ভাবি, উদ্ভিন্নযৌবনেরা প্রেম কোলাহল

লুকিয়ে রাখে কোথায়

তোমার ঘুমের লোভ লাগে

আর আমার বেঁচে থাকার।