কবিতা
শামীম আজাদ
যখন নদীটি বহিয়া যেত
প্রেম ছিল সেই নীলগিরি থেকে
এক শূন্যে ঝাঁপানো পাখি
কথায় কথায় মৃত্যুকে মনে হতো
করে নেব আমি রাখী।
সে মৃত্যুও ছিল না কোনো
ম্লান দানাহীন
স্বাদহীন
আসমানি কোনো কণা
সে মরণ ছিল গোলাপি কুয়াশা—
বেদানাবিলাসী ফণা।
কামড় ছিল না, ছিল চুম্বন
ওষ্ঠেই ছিল আঁখি
সিথানে ফুটত সোনার বুদ্বুদ
চুলে–বুকে মাখামাখি।
কামও তখন মৃত্যু হইয়া
গায়ে সেঁটে ছিল কবি—
প্রেমের পরিখা গভীর ছিল
ছিল ছোবল,
সূর্যশক্ত সবই।
তবু তার জ্বলজ্বলে এক সিঁথি ছিল
নদীর উদরে ডুবেছিল সব
গহন দহন ঢেউ
তুমি ছিলে এক বাইশ মাইল হাঁটা
‘মজুফ’ মানুষ,
আমার অক্ষি পক্ষীর কেউ।
জাফর আহমদ রাশেদ
সপ্তর্ষি নেমে এলে কেন
সপ্তর্ষি, কেন নেমে এলে?
মায়ের কোল থেকে নিয়ে
তোমাকে আমি রেখে এসেছিলাম
নভোমণ্ডলে, সাজিয়ে—
কেন নেমে এলে?
এত দিন পৃথিবীর বিড়াল দেখেছ।
সব বিড়ালের দেহে বিড়াল থাকে না!
যে বিড়ালকে মা কালো বিড়াল বলত
মোটেই সে কালো ছিল না
সে ছিল হিংসা
তোমার মা আর আমি
তোমাকে ছড়িয়ে রেখেছিলাম বিপুল আকাশে
তারা করে,
যেন দেখতে পাই মাঝে মাঝে
কেন নেমে এলে সপ্তর্ষি সুষমা—
দাবদাহে ষোলো হাত পোশাকের দেশে
কালো বিড়ালের বাস্তুভিটায়!!
সালেহীন শিপ্রা
আয়োজন
শোনা যাচ্ছে অই হিমডাক,
মারি-মড়কের দিনও আগত!
এই শহরের ল্যাম্পপোস্টদের
চোখে ঘুম ভাব কাটছে না তো।
ও নেবুফুল, ঘ্রাণে মাখো মাখো
গত সন্ধ্যার স্মৃতি তুলে রাখো।
হাতে কররেখা নাকি সাপদের
হেঁটে চলবার দাগ এই সব!
‘আমি’ ভেবে যাকে বয়ে নিচ্ছি
সেই আগামীর মৃতদেহ—শব।
ডালে ফিসফাস থির হাওয়াদের
শুধু নিমফুল ঝরে পচছেই,
আর বদলানো সম্পর্কের
মাঝে জঞ্জাল জমা হচ্ছেই।
এত জ্যান্ত এই মৃত্যু
ছায়াসম সাথে ভাগছে।
তাকে ভুলবার সব আয়োজন
যেন ঠুনকো–ফিকে লাগছে।