কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভ্রম
ফিরোজ এহতেশাম

মুর্দাফরাশের হাসির সাথে সাথেই
কোথাও জ্বলে ওঠে ফসফরাসের আলো
নাকি ফসফরাস হেসে উঠলেই
জ্বলে ওঠে মুর্দাফরাশ...
প্রশ্নসাপেক্ষ এই মধুর বিভ্রমের মাঝেও আমরা খুঁজতে থাকি
তোমাদের কবরখানার পাশে ঝাপসা শৈশব 

এমনকি বৃষ্টিতে অস্পষ্ট হয়ে আসা
দৃশ্যের ওপারে
তোমার মুখ
এখনো দেখতে পাই
নুসরাত 

হিংস্র জন্তুর মতো এই জান্তব শহরে
সকলের অগোচরে
ভবনের পাঁচিলে পাঁচিলে
জন্ম নিয়ে বেড়ে উঠে ফের
তীব্র খরতাপে মরে যাওয়া ফার্নগুলো
কী করে আবার জেগে ওঠে জাদুকরি বৃষ্টিতে
তা-ই ভাবি, রাস্তা দিয়ে যেতে যেতে...
সুপ্ত প্রাণের পুনর্জন্মজাত এই বিস্ময়ই
হয়তো আমাকে টিকিয়ে রাখে
চূড়ান্তভাবে ধসে যাওয়ার আগে
নুসরাত
এই ভোরবেলা 

আত্মহত্যা করি
ইমরান মাঝি 

এই যে দুপুর
তুচ্ছ লাগে
পাখির গাওয়া মিষ্টি গানের সুর
এই যে জীবন ঠেলা
অনেক সময় ফালতু লাগে
মিষ্টি দুপুরবেলা
আত্মহত্যা করি
দুই কানে দুই ফুল দিয়ে
কাব্যগ্রন্থ পড়ি
পাহাড় ধরে হাঁটি
হাতে লাঠি
মুখে গান
চোলাইর বোতল খোলা
আত্মভোলা
পাখপাখালির ঐকতান
অনেক সময় ফালতু লাগে
মিষ্টি দুপুরবেলা
এই যে জীবন ঠেলা।