কবিতা হলো না যখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠেপিঠি আমার রক্তের বোন যখন মারা গেল,

শাদা অ্যাম্বুলেন্সের ভেতর ওর লাশ নিয়ে

পদ্মা নদীর ঘুমিয়ে পড়া ঢেউগুলো একটার সঙ্গে আরেকটা

মিলে যাচ্ছিল, বুঝেছিলাম, বোনকে আমি ভালোবাসি খুব;


আম্মার আচমকা হলো স্ট্রোক, স্মৃতিগুলো তাঁর

ভেজা তুলা হয়ে নীরবে ঘুমিয়ে পড়েছিল, তার দিকে

অবোধ্য তাকিয়ে সে সময় বুঝেছিলাম, অনুভব কতটা মেঘের মধ্যে

আনত নীল রংরূপে উঁচু!

একটি বায়বীয় বিষয়—দেশ, যখন সে

না বলার ভারে, চাপ খেতে খেতে

চ্যাপ্টা কোনো কমলালেবুর গভীরে

ভয় পাওয়া গলায়

হোয়াটসঅ্যাপে কল করে

আর সেই কথাগুলো কোথাও পৌঁছবে না ভেবে ঘুমাতে যায়,

বুঝি তখন, ভালোবাসি তোমাকে—

বোন, মা আর নিকটতম রাতের একটু নিচে

ঝুলে থাকা, কাঁদতে না পারা তুমি... ও তুমি,

আকাশের ওপর ক্লাসে পড়া ইল্টু-বিল্টু তারকারাজি—

ফুটি ফুটি তারারা ওপর থেকে তোমাকে কি দেশ বলে?

কথাগুলো হয়তো কবিতা হলো না, হয়তোবা কথার কথা—

ভাষাহীন, সাংকেতিক কবিতার মতো এবং সবকিছু কল না হয়ে

মিসডকলই হয়ে যেতে পারে ছন্দ-অন্ত্যমিল, সারাৎসার নেই বলে—


তাই সন্ধ্যা সমস্ত আজানের সঙ্গে সঙ্গে

অন্ধকারের সাথে কেঁপে ওঠে ইলেকট্রিক তারের ফুটোফাটা দেখে,

সামনের মাসটা কত গাঢ় করে তুলতে পারো তুমি?