করোনাকালের কবিতা

কাজল শাহনেওয়াজ
সেপারেশন
নতুন ভূগোল শিখি।
মানুষেরা কানতেছে চীন থেকে। সেই কান্নার আওয়াজ ইতালিতে।
তারপর সারা পৃথিবীতে কান্না আর ভয়ের চিহ্নের কাছে উবে গেছে বর্ডার। শুধু শুনি লকডাউন। লক। স্পেনে, ব্রাজিলে।
ডেডলক এয়ারলাইন্সে। ভ্রমণ বন্ধ সবার, সবার।
মেঘও থেমে গেছে যেন। সকালবেলা যাকে দেখেছিলাম পূর্বের জানালায়, এখনো সে ঝুলে আছে সেখানেই।
মসজিদ–মন্দিরে জমায়েত করায় নিষেধাজ্ঞা।
হাতমেলামেশা স্তব্ধ।
গ্রামের মানুষেরা বলছে, চলে আসো। শহরের মানুষেরা ভাবছে
সেপারেশন সব বন্ধ করবে।
সবচেয়ে নির্জন প্রহরে ঘুঘু ডাকছে ‘সেপারেশন’, ‘সেপারেশন’।
আজ সেপারেশন হোক দেহে দেহে
আজ নিকটতা হোক মনে মনে
লকডাউনের দিনে আর্মি আসার আগেই
নতুন নামতা মুখস্থ করি
মোস্তফা সরয়ার ফারুকী
আমলনামা
স্কুলের সেই দস্যু ছাত্রের মতো
তুমি এর টিফিন কেড়ে নিয়েছ
ওর ডাকটিকিটগুলো নিজের মনে করে
পকেটে ভরেছ
উন্মত্ত আনন্দে দুর্বল ঘাসের
ওপর চালিয়েছ
তোমার কেডস–নৃত্য
বন খেয়েছ
মাঠ খেয়েছ
পাখি এঁকে তা–ও খেয়েছ
আর এখন তুমি
তোমার দুর্দিনের জন্য
ঈশ্বরকে দুষছ
প্যাঙ্গোলিনকে দুষছ
বাদুরকে দুষছ?