করোনাকালের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকার্ত সময়
তারিক সুজাত

এসো আজ
স্বপ্ন সওদা করি
জগৎজুড়ে
দুঃস্বপ্নের ফেরি
পণ্যবিহীন ভাসছে
এ কূল-ও কূল
কোথায় রণতরী?
আমি ঘাটে বসে
স্বপ্ন গুনি, বৃষ্টি বুনি
সর্বনাশা কালে।

মৃত্যু বারোমাস—
যাদের সওদা ছিল
তারাও যে আজ
জীবনের গান গায়!
সুনীল আকাশে
কান পেতে শুনি
পাখিদের কলতান
সবুজ পাতারা

ইশারায় ডাকে—

কে তুমি পথহারা?
মেঘে মেঘে বারুদগন্ধে
বোমারু বিমানগুলো—
কোথায় পালাল?
খোকা ঘুমাল,

পৃথিবী জুড়াল,
করোনা এল

দেশে দেশে...
হায়!
করোনাকম্পিত কালে
নিজের হাতকে নিজে
বিশ্বাস করো না।
বদলে যাচ্ছে পুরনো ঠিকানা
আত্মপ্রেমে বুঁদ
এই সেলফি জমানা!
বদলে যাচ্ছে,
বদলে যাচ্ছে প্রাণের প্রবাহ
প্রতিদিন
মৃত্যুর মিছিল বাড়ে...
শেষকৃত্যে শুনি
শূন্যতার হাহাকার
কবর-কফিন-চিতা
সব আজ একাকার।
ও বন্ধু, বিদায়!
তোমাদের স্বপ্নমাখা চোখ দিয়ে
আরও একবার
আগামীর পৃথিবীকে দেখি।
ফিরে যাচ্ছি, ফিরে যাও
নিজ নিজ গৃহে
করোনাকম্পিত
শোকার্ত সময়
বলে যায়
মানচিত্র মুছে গেলে
মানুষ ফিরে আসে
তাঁর
নিজস্ব ভূগোলে! 

এ মাহ চৈত্রে
হিজল জোবায়ের

যেনবা কেউ খুব গোপনে
বিষের শিশি ঢেলে গিয়েছে

বসন্তের সরোবরে তাই
মড়কতাড়িত এ মাছেরা
শামিল মৃত্যুর মিছিলে

এসব দিনরাত লেখা হোক
উজিয়ে ওঠা এত মৃত্যু,
কে কার ত্রাতা আর কারা কার
হাবিয়া, রৌরব, যমদূত

সুমেরু দেবতা সে পাজুজুর
বাতাসে ত্রসরেণু বীজাণু
এ মহা-মারিকাল অনাদি—
রাত্রি-তমসায় গোলানো

শস্যখামারের ও–ধারে
পঙ্গপাল ওড়ে, ভিক্ষার—
অভাবে মরে যাও, হন্য–
মান এ ঋতু, হে বুভুক্ষা

এ মাহ চৈত্রের খরদিন
বসন্তের পাদদেশে আজ
ফুটছে বুনোফুল রক্তিম
রক্তচক্ষু চামুণ্ডার