করোনাকালের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুজ্জামান কামু

ঘুমাতে পারি না

ভয় লাগে ভয় লাগে
ঘুমাতে পারি না

আব্বা আর মা থাকে গ্রামে
বোন আছে ছোট ছোট ছেলেমেয়ে
মাঝে মাঝে কারেন্ট থাকে না
আর দৌড়ে ও-ঘরে যাই
বউবাচ্চাদের বুকে হাত দেই
ঢিপ ঢিপ শব্দ হয় ফেসবুকে স্ক্রল করে করে
নিউজ পড়ি লাশ দেখি আব্বা
আমরা ভালো আছি ঘরে মাস্ক আছে
বল সাবান শব্দ হলো কিসের
কারও কাশি নাকি
কে কাশল আব্বা কে কাশল

না না ওটা আমেরিকায়
ওটা ইতালিতে ওটা ইরানে
ওটা ফ্রান্সের রাজকন্যা
মারা গেছে, ভোরে, তবু কাশে
তার শব্দ শোনা যায়

ভয় লাগে শ্বাসনালি ফুসফুস শুকায়ে আসে
ঘুমাতে পারি না

পিয়াস মজিদ

ধ্বংসদীপ্র

জতুগৃহে যখন পাখা মেলে আমাদের কফিন,
মালঞ্চমিনার মধুর খুব
মনসা-মায়ায়।
হৃদয়হরিণ হরণ করেও দেখি
তোমার গান আজ কতটা
সবুজ সারগাম!
জনম জনম
জপযজ্ঞ, উষার আয়াত শেষে
পাওয়া যেতে পারে
অন্ধকার জমিজিরাত,
প্রার্থিত পলি। 

পৃথিবী পেরিয়ে আসে
এমন কত
নিষ্ঠুর এপ্রিল
শুভ শুক্র আর ধূসর বুধবার,
তবু পেরোবার পরিধি
কোন বিষবীজে,
সোনার সাতপাঁকে বাঁধা?