করোনাকালের কবিতা
ওয়াসি আহমেদ
অন্তরঙ্গ দূরত্ব
পুরোনো যারা তারা ঘুরপথে ফিরে আসতে চায়—
জানালার ধুলোট কাচে ছোপ ছোপ ছায়া বোনে,
সাড়া তোলে ব্যালকনিতেও
কী দুঃসাহসে!
খকখক কাশির তরঙ্গ বুড়োদের হাসির মতো
ঠকঠক বাজে।
নতুন যারা তারা চোখ মেলতে চায়
বন্ধ চোখের তারায় কড়কড়ে বালি
তবু কী আহ্লাদে পিটপিট তাকায়!
জানালা-কপাট বন্ধ, রুদ্ধ ব্যালকনি
কারও আসার নেই, যাওয়ার নেই
বাতাস না, ধূলিকণা না, নিশ্বাসও না
পুরোনোরা কালো দাঁত ঝিকিয়ে হাসে:
কত দূরে যাবে
কতটা দূরে গেলে দূরত্বকে নিরাপদ বলবে তুমি!
কতটা দূরত্ব নিরাপত্তা দিলে দূরত্বকে দূরত্ব বলবে তুমি!
অন্তরঙ্গ দূরত্বে মৃত্যুতে মানুষ হই।
টোকন ঠাকুর
খিদে ও খাদ্য
কেউ আমেরিকা যাবে, যাক
সামর্থ্য আছে যাওয়ার
কেউ স্ট্রবেরি খাবে, খাক
সামর্থ্য আছে খাওয়ার
তুমি কি খাবে? কোথায় যাবে?
কবরেও যেতে পারো
মরবার আগে পেট পুরে খুব
খিদে খেয়ে যাও আরও
আমি কি খাব? কোথায় যাব
এমন দেশ কি আছে?
যেখানে মানুষ ভাতের বদলে
কবিতা খেয়েই বাঁচে!