কাজী নুসরাত শরমীনের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালের কবিতা
আমাদের সত্যিই কোনো দোষ ছিল না,
শক্তপোক্ত করে টাঙিয়ে রেখেছি জীবনের সাইনবোর্ড
ঝড়-জলোচ্ছ্বাসেও। কচু-ঘেচু খেয়ে হেসেছি রাজভোগ হাসি।
জানতাম
আমরা ছিলাম, আছি, অনন্তকাল।
অস্তিত্বের অহংকার বুকপকেটে
কড়ে আঙুলের প্যাঁচে ধূলিমাখা পথ,
আমাদের
ভেসে গেছে বসন্তদিন।

আমাদের শব বয়ে চলে সারিবদ্ধ পিঁপড়ের দল
জানান দিয়ে যায়,
ঝড় আসছে
সবকিছু লন্ডভন্ড হওয়ার অপেক্ষায়।
০২.
আজ বাকোয়াজ ক্ষমতা ও বুটের আওয়াজ।
মতমোড়লের ক্লান্ত আঙুল
গুনছে শবের সংখ্যা।
ফুসফুস দখলে নিল কোভিড উনিশ,
বাতাসে ঋণের বোঝা, খোলাপির দোষে দুষ্ট
মানুষ, মৃত সব জামানতে রাখা নদী।
হাতে হাত নেই, সভ্যতার সূর্যাস্তে সমাজচ্যুত মানুষেরা
নিক্ষিপ্ত কোয়ারেন্টিনে।
শ্রমিক বোঝে না লকডাউনের মানে,
করোনার চেয়ে ক্ষুধার জ্বালাই ভারী।
দুর্যোগই শাসকের পরীক্ষা, দৃঢ়তায় পাস
মড়ক চেনে না রাজা-প্রজা,
আজ বাকোয়াজ ক্ষমতা ও বুটের আওয়াজ।

এক একটা দিন
একেকটা দিন অন্ধকারে ডুবে যাই
একেকটা দিন কিচ্ছু লেখা হয় না,
স্ক্রিনে শব্দের খই ফোটে না তারার মতন।
একেকটা দিন মন আষাঢ়-শ্রাবণ।
একেকটা দিন ঘুমের ভেতর দেখি
নরকের কীটগুলো হেঁটে বেড়াচ্ছে লোকালয়ে।
একেকটা দিন স্মৃতির ঝাঁপি খুলে বসে থাকি,
একেকটা দিন খুব একলা লাগে,
একেকটা দিন মৃতের শহর ঘুরে আসি
এ মাথা থেকে ও মাথা।

শীর্ণ কৃষক এক
চোখের কিনারে তরতর জঙ্গম নদী। তীর ধরে আকাশের
তারা গুনি। স্বচ্ছ পূর্ণিমার রাতে দাঁড় হাতে ডুবসাঁতারে
দেখা মেলে লক্ষ্মীবিলাসী নাও, মৃতদের ফিসফাস চারপাশে ।
মুখ থুবড়ে পড়ে থাকে ক্লান্ত নর্তকী ইন্দ্রপুরীর সভাশেষে ।
সংখ্যা পূর্ণ হয়নি এখনো বোঝা যায় আলাপে-বিস্তারে,
ভীষণ ক্লান্ত যমদূত মারিকাল পার হতে হতে
মাছি ভনভন অর্ধস্ফুট ভ্রমণ পাশেই পড়ে থাকে, আস্তিন গুটিয়ে বসে মুখভার।
রুদালী সংগীত ভাসে আকাশে আকাশে অনৃতভাষী রাজ-রাজড়ার ।

প্রথাবিরুদ্ধ তেতেপোড়া ভূমিপুত্র আমি
পাড়েই দিগন্তবিস্তৃত ফসলি জমি। রাক্ষুসে সূর্যটা বগলদাবা করে
ধীর লয়ে হেঁটে চলি। আমার ঈশ্বর এক শীর্ণ কৃষক, অন্নপুষ্ট হাতে
কর্ষিত মাটির। আমার কোনো মৃত্যুভয় নেই।


দাঁড় হাতে ডুবসাঁতারে পার হয়ে আসি এক আয়ুষ্কাল।